চুক্তির ফাঁদে
চেলসি নয়, অন্য যেকোনো দল—আজ চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ড্রয়ের আগে এটাই চাইবে অ্যাটলেটিকো মাদ্রিদ। চেলসির সঙ্গে খেলা হলে যে দলের এক নম্বর গোলরক্ষক থিবো কোর্তুয়াকে ছাড়াই খেলতে হবে স্প্যানিশ ক্লাবটিকে।
এই মৌসুমে অ্যাটলেটিকোর সাফল্যের অন্যতম নায়ক তিনি। পরশু বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগেও দারুণ কিছু সেভ করেছেন কোর্তুয়া।
বেলজিয়ান এই গোলরক্ষককে তিন বছর আগে চেলসির কাছ থেকেই ধারে এনেছিল অ্যাটলেটিকো। উয়েফার নিয়মানুযায়ী চেলসির বিপক্ষে খেলতে বাধা নেই। তবে ধার দেওয়ার সময় চুক্তিতে একটা ছোট্ট শর্ত জুড়ে দিয়েছিল তাঁর মালিক ক্লাব। চেলসির বিপক্ষে তাঁকে খেলালে প্রতি ম্যাচের জন্য অতিরিক্ত ৪০ লাখ পাউন্ড করে দিতে হবে। আর্থিক সংকটে থাকা স্প্যানিশ ক্লাবের এই মুহূর্তে সেই সামর্থ্য নেই। ক্লাব সভাপতি এনরিক সিরেজো তাই আগেই নিশ্চিত করেছেন, সেমিফাইনালে প্রতিপক্ষ চেলসি হলে কোর্তুয়াকে ছাড়াই খেলতে নামবে অ্যাটলেটিকো। ওয়েবসাইট।