চুক্তির মেয়াদ বাড়ছে নাভিদের
এশিয়া কাপের ব্যর্থতায় নাভিদ আলমের ওপর অসন্তুষ্ট ছিলেন হকি ফেডারেশনের অনেকে। আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ওটা আর না বাড়ার সম্ভাবনাই ছিল বেশি । তবে গত মার্চে এশিয়ান গেমসের বাছাইপর্বে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে পাকিস্তানি কোচ একটু হলেও আস্থা ফিরিয়েছেন কর্মকর্তাদের । তাই আগামী সেপ্টেম্বরের এশিয়ান গেমস পর্যন্ত কোচের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এ গেমসের জন্য নাভিদের অধীনে ১ জুন থেকে শুরু হবে ক্যাম্প।
চুক্তি বাড়ানো হলেও কোচের বেতন অবশ্য বাড়ছে না । তবে বেতন নিয়ে না ভেবে এশিয়ান গেমসেই মনোযোগ দিচ্ছেন তিনি । এশিয়াডে ভিডিও অ্যানালিস্ট, ফিজিওর পাশাপাশি কয়েকটি প্রস্তুতি ম্যাচও চেয়েছেন তিনি। গত মাসে ছুটি কাটাতে গিয়ে পাকিস্তানের বেশ কিছু প্রাদেশিক দলের সঙ্গে যোগাযোগ করে এসেছেন নাভিদ। এরই মধ্যে পাঞ্জাব হকি দলকে ঢাকায় আসার আমন্ত্রণও জানিয়েছেন। ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ অবশ্য সব চাহিদা পূরণের আশ্বাস দেননি। কাল জানালেন, ‘আমরা ফিজিও দিচ্ছি, তবে ভিডিও অ্যানালিস্ট দিতে পারছি না। প্রস্তুতি ম্যাচের ব্যাপারে পাকিস্তানের একটি দলের সঙ্গে যোগাযোগ হচ্ছে।’