চুক্তির মেয়াদ বাড়ল মেসি-জাভি-পুয়োলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদটা ছিল ২০১৬ সালের জুন পর্যন্ত। এবার দলের সেরা এই খেলোয়াড়টির সঙ্গে চুক্তির মেয়াদটা আরও দুই বছর বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা। আগামী সপ্তাহেই ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার নতুন এক চুক্তিতে স্বাক্ষর করবেন আর্জেন্টাইন স্ট্রাইকার মেসি। বার্সার আরও দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাভি ও কার্লোস পুয়োলও নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন। ২০১৬ সাল পর্যন্ত তাঁরা খেলবেন বার্সেলোনার পক্ষে। আজ নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ বাড়ানোর এই খবর জানিয়েছে বার্সেলোনা।ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই যেন মেসি, জাভি ও পুয়োল বার্সেলোনার পক্ষেই খেলতে পারেন, সেটা নিশ্চিত করার জন্যই নতুন এই চুক্তির উদ্যোগ নিয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বার্সেলোনা বলেছে, ‘এর ফলে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের সঙ্গে বন্ধনটা আরও সুদৃঢ় করেছে বার্সেলোনা। আগামী সপ্তাহের মধ্যেই কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসি নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন।’ ২০১৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার নতুন চুক্তি স্বাক্ষর করলে নিজের ৩১তম জন্মদিনটা বার্সেলোনার খেলোয়াড় হিসেবেই উদযাপন করবেন লিওনেল মেসি।— ইএসপিএন