চুক্তির মেয়াদ বাড়াবেন না ফন পার্সি
আর্সেনালের ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি জানিয়েছেন, তিনি তাঁর ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না। নিজের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, আর্সেনালের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বৃদ্ধি না করার মূল কারণ হচ্ছে, ক্লাব যে পথে চলছে, তার সঙ্গে তিনি একমত নন।আর্সেনালের সঙ্গে ফন পার্সির চুক্তির মেয়াদ রয়েছে আরও এক বছর। এর মধ্যেই ইউরোপের অনেক ক্লাবই তাঁর পেছনে টাকার থলে নিয়ে ঘুরতে শুরু করেছে। খবর বেরিয়েছে, ফন পার্সিকে দলে নিতে ইতালীয় সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাস ভালো অঙ্কেরই প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে তাঁর খেলার প্রস্তাব আছে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী দল ম্যানচেস্টার সিটি এমনকি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়ও।এ বছরের শুরুতেই চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে আলোচনায় বসেছিলেন পার্সি। তবে কাল নিজের ওয়েবসাইটে যে বিবৃতিটি ফন পার্সি দিয়েছেন, সেখানে স্পষ্টতই উল্লেখ করেছেন, ওয়েঙ্গারের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পেরেছেন, ক্লাব যেভাবে চলার পরিকল্পনা করেছে, তা তাঁর মতের সঙ্গে যায় না।বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে একটি দারুণ মৌসুম কাটিয়েছি আর্সেনালের সঙ্গে। তবে এটা ঠিক, আমার লক্ষ্য ছিল এই ক্লাবের হয়ে লিগ শিরোপা জয় করা ও দলকে পুরোনো গৌরবের পথেই ফিরিয়ে নিয়ে আসা।’ফন পার্সি আরও বলেছেন, ‘কোচ আর্সেন ওয়েঙ্গার ও ক্লাবের প্রতি যথেষ্ট সম্মান রেখে অনৈক বিষয়ে হয়তো বিস্তারিত বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে আলোচনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে, ক্লাব হিসেবে আর্সেনালের যে পথে যাওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ভাবছি, সে পথে যাওয়ার পরিকল্পনা দলটির নেই। এরপর আমি বিষয়টি নিয়ে অনেক গভীরভাবে ভেবেছি। অনেক ভেবেই সিদ্ধান্তে পৌঁছেছি যে আর্সেনালের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা আমার পক্ষে সম্ভব নয়।’ফন পার্সির এই বক্তৃতা কোচ আর্সেন ওয়েঙ্গারের জন্য এক আঘাত হয়েই আসার কথা। কারণ গত মঙ্গলবার তিনি বলেছিলেন, ফন পার্সিকে ‘যেকোনো মূল্যে’ দলে রেখে দেওয়া অপরিহার্য। ওয়েবসাইট।