চুরি করতে গিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি করা গাড়ির নম্বরপ্লেট, শরীর আপাদমস্তক পোশাকে ঢাকা, হাতে এয়ার পিস্তল...কী ভাবছেন? রোমাঞ্চকর কোনো চলচ্চিত্রের দৃশ্য? একদমই না। জার্মান ক্লাব হ্যানোভারের তিন তরুণ খেলোয়াড়ের কাণ্ড এটি। তিনজন এই পোশাকে গিয়েছিলেন উত্তর জার্মান সিটির একটি ক্যাসিনোতে ডাকাতি করতে! দুজনের বয়স ১৮, অন্যজনের ১৯। ডাকাতি অবশ্য করেননি, ঘটনাস্থলে গিয়েও কিছু না করেই ঘরে ফিরে এসেছিলেন। কিন্তু ভুল যা হওয়ার ততক্ষণেই হয়ে গেছে। গাড়িটাকে তাঁরা পার্ক করেছিলেন ‘নো-পার্কিং’ অঞ্চলে, তার ওপর গাড়িতে সঠিক ও চুরি করা—দুই নম্বরপ্লেটই রেখে দিয়েছিলেন। এতেই পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে নিজেদের ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করে নিয়েছেন হ্যানোভারের খেলোয়াড়েরা। ক্লাবের কর্তৃপক্ষের কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু কাজ হয়নি, তিনজনকেই নিষিদ্ধ করেছে হ্যানোভার। পুলিশও ছাড়ছে না, দলিল জালিয়াতি ও গাড়ির নম্বরপ্লেট বদলানোর অভিযোগ এনেছে তিনজনের বিরুদ্ধেই। এএফপি।