চুড়ি নয়, বক্সিং গ্লাভস

বছর দেড়েক আগের ঘটনা। কিশোরগঞ্জ বার আউলিয়ার মোড় থেকে এক যুবককে তুলে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাসে আসা একদল সন্ত্রাসী। স্থানীয় লোকজন অসহায়ের মতো দৃশ্যটা দেখছিল। কিন্তু হঠাৎ করেই সেখানে ত্রাতা সাহসিকা হয়ে দাঁড়ালেন সুরমা আক্তার। কারাতে খেলোয়াড় সুরমা দুই সতীর্থকে নিয়ে সাহস করে ধরে ফেলেন অপহরণকারীদের একজনকে। একটা ঘটনাই সুরমা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দেয় স্থানীয় অভিভাবকদের।
অথচ আগে যখন ছেলেদের মতো কেডস পায়ে, ট্রাউজার-ট্র্যাকসুট পরে অনুশীলনে যেতেন সুরমা, সবাই তাঁর দিকে একটু অন্য চোখে তাকাত। কারাতে খেলোয়াড় সুরমা এবার ঢাকায় এসেছেন জুনিয়র বক্সিংয়ে খেলতে। জাতীয় ১৩তম ইন্টারমিডিয়েট বক্সিংয়ের পাশাপাশি প্রথমবারের মতো ফেডারেশন আয়োজন করছে জুনিয়র মহিলা বক্সিং। পল্টন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে খেলছেন যশোর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কিশোরগঞ্জের ৩০ নারী বক্সার।
হাতে চুড়ির বদলে গ্লাভস। মাথায় ওড়নার বদলে হেডব্যান্ড। চুলগুলো সুন্দর করে বেণিবাঁধা সুমাইয়া ইসলাম শৈলীর। কিশোরগঞ্জ নারী উদ্যোগ কেন্দ্রের বক্সার শৈলী একই সঙ্গে কারাতের কোচ। বছর দুয়েক আগে ঢাকার কোচ মোজাম্মেল হক তাঁদের কারাতে প্রশিক্ষণ দিয়েছেন। ঢাকায় আসার আগে শৈলী গত ১৫ দিন বক্সিংয়ের অনুশীলন করেছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মোহাম্মদ ইউসুফের কাছে। ঢাকায় এসেই শৈলী প্রথমবারের মতো সোনাজয়ের স্বপ্ন দেখছেন।
শৈলীর মতোই বক্সার হওয়ার স্বপ্ন দেখছেন হবু প্রকৌশলী রোজমেরি হেমব্রম। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত রোজমেরি ভাইয়ের আগ্রহে বক্সিংয়ে এসেছেন। ফুফাতো ভাই গ্রেগরি হাজদাহ সেনাবাহিনীর বক্সার। ভাইয়ের খেলা দেখে এক দিন বলেছিলেন, ‘আমিও খেলব।’ ব্যস, এরপর রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় অনুশীলন শুরু। স্থানীয় ও ক্লাবপর্যায়ে খেললেও জাতীয় প্রতিযোগিতায় এবারই প্রথম। রিংয়ে নামতে তর সইছে না রোজমেরির, ‘প্রথম প্রথম গ্লাভস পরতে খুব ভয় লেগেছিল। তবে এখন ভয়টা কেটে গেছে। শুধু রিংয়ে নামার অপেক্ষায় আছি।’
চতুর্থ শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনেরও বক্সিংয়ে প্রচণ্ড আগ্রহ। বাবা ইমন হোসেন রাজশাহী শহরে রিকশা চালান। আর কোহিনুর খাতুনের বাবা কমরউদ্দিন নির্মাণশ্রমিক। নিম্নবিত্ত পরিবারের এই মেয়েদের বক্সিংয়ে আসা শুধুই কিছু আর্থিক সাহায্যের আশায়। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোচ সাইফুল ইসলাম টুকুর কথা, ‘রাজশাহীর অনেক মেয়েই বক্সিং খেলে সেনাবাহিনী, পুলিশ, আনসারে চাকরি পেয়েছে। এদের অভিভাবকেরাও সেই আশায় খেলতে পাঠান।’
মেয়েদের রিংয়ে নামানোর উদ্যোগটা বর্তমান কমিটির এই প্রথম। গত মে মাসে হয়ে গেল সিনিয়র মহিলা বক্সিং। এরই ধারাবাহিকতায় এবার জুনিয়র প্রতিযোগিতার আয়োজন। সাইফুল ইসলামের চোখে এই মেয়েরাই বাংলাদেশের ভবিষ্যতের ‘লায়লা আলী’, ‘এভাবে প্রতিবছর যদি মেয়েদের বক্সিংটা নিয়মিত আয়োজন করে ফেডারেশন, তাহলে বিভিন্ন সংস্থায় কর্মসংস্থানের সুযোগ পাবে ওরা। ওরাই হবে বাংলাদেশের লায়লা আলী। তা ছাড়া যেভাবে সমাজে যৌন হয়রানির শিকার হচ্ছে মেয়েরা, বক্সিংয়ের মতো খেলা জানা থাকলে হয়তো কাছে ঘেঁষারই সাহস পাবে না কেউ।’