চ্যাম্পিয়ন হলেই চূড়ান্ত পর্ব। তবে সেরা ছয় রানার্সআপ দলের একটি হলেও সুযোগ থাকবে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার। কিন্তু রানার্সআপ নয়, চ্যাম্পিয়ন হয়েই বাছাইপর্ব পেরোতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নয়টি গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো, সেরা ছয়টি রানার্সআপ এবং স্বাগতিক মিয়ানমারকে নিয়ে আগামী বছর হবে চূড়ান্ত পর্ব।
ইরাকের আরবিল শহরে ৮-১২ অক্টোবর এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘সি’ গ্রুপের খেলা। ৮ অক্টোবর স্বাগতিক ইরাক, ১০ অক্টোবর কুয়েত এবং ১২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যুবদলটি ঢাকা ছাড়বে পরশু।
মাত্র এক মাস তিন দিনের অনুশীলন। প্রস্তুতি ম্যাচ পাঁচটি। অবশ্য সব ম্যাচেই জিতেছে অনূর্ধ্ব-১৯ দল। রেনে কোস্টার কাল আত্মবিশ্বাসের সুরেই বললেন, ‘এই দলে কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছে। দলে কোনো ইনজুরি নেই। শতভাগ ফিট আছে খেলোয়াড়েরা।’
প্রতিপক্ষ নিয়ে অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নন কোস্টার, ‘প্রতিপক্ষ কতটা শক্তিশালী সেটা জানি না। তবে আমাদের দল কেমন সেটা আমি জানি। দলের ওপর আমার আস্থা আছে। আমাদের লক্ষ্যই থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’
২১ সদস্যের দলে ডাক পেয়েছেন জাতীয় দলের দুই খেলোয়াড় তকলিচ আহমেদ ও আবদুল মালেক। প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে খেলেছেন তকলিচ। মালেক খেলেছেন সাবেক কোচ ইলিয়েনা ইলিয়েভস্কির অধীনে। বাকিদের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা ফরহাদ, সুজন, হাদিসুর, মেজবাহ, রাসেল, রাকিবুল, মিলন, রুবেল, হেমন্ত, জুয়েল, ফয়সাল ও ইব্রাহিম। বিকেএসপির মঞ্জুর, অনূর্ধ্ব-১৬ দলের মিঠু ও টুটুল। একেবারে নতুন মুখ সালাউদ্দিন।
কোস্টারের এই দলের সঙ্গে অনুশীলনে আশাবাদী সহ-অধিনায়ক তকলিচ, ‘জাতীয় দলের চেয়ে এই দলটা অনেক ভালো। কারণ নতুন খেলোয়াড়েরা কোচের কথা সহজেই বুঝতে পেরেছে। কোচের নির্দেশনা ধরতে পারছে ভালোভাবে।’
দলের সঙ্গে উপদেষ্টা কোচ হিসেবে ইরাকে যাচ্ছেন জাতীয় দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ। বাফুফের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ইরাক থেকেই দেশে ফিরে যাবেন ফিটনেস কোচ মোহাম্মেত ইয়ামালি।