অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির বাছাইপর্ব আজ থেকে শুরু হওয়ার কথা ছিল ঢাকায়। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টটাই হলো না। তিন দলের গ্রুপ থেকে শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করে নিয়েছে গত সপ্তাহে। এ কারণে গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও চীনা তাইপেকে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার টিকিট দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ)।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৪ থেকে ৭ অক্টোবর নির্ধারিত এশিয়া কাপ যুব হকির বাছাইপর্বের সূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই কম্বোডিয়া এবং উজবেকিস্তান ঢাকায় খেলতে আপত্তি জানায়। কারণটা তাদের আর্থিক সমস্যা। শেষ পর্যন্ত এশিয়ান হকি ফেডারেশনে ই-মেইল করে ফেডারেশন কর্মকর্তারা জানতে পারেন, শ্রীলঙ্কাও আসবে না ঢাকায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ও চীনা তাইপেকে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ করে দিয়েছে এএইচএফ। আগামী বছর অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গী হবে বাংলাদেশ ও চীনা তাইপে।