চূড়ান্ত আফগানিস্তান সিরিজের সূচি
সিলেটে প্রস্তুতি ক্যাম্প, চট্টগ্রামে ওয়ানডে ও ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ—বাংলাদেশে এসে আফগানিস্তানের ‘ভ্রমণ’টা হবে এমন। আজ আফগানিস্তানের বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বিসিবি।
আফগানিস্তানের বিপক্ষে সব ম্যাচই হতে পারে চট্টগ্রামে, এর আগে এমন ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে শেষ পর্যন্ত ঢাকাতেও রাখা হয়েছে ম্যাচ।
সীমিত ওভারের সিরিজ খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ এসে পৌঁছাবে আফগানিস্তান ক্রিকেট দল। এসেই সিলেটে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে তারা। এরপর দলটি যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনটি ওয়ানডে হবে ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। ওয়ানডেগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।
এরপর ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২টি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান, ম্যাচগুলো হবে ৩ ও ৫ মার্চ। এ ম্যাচগুলো শুরু হবে বেলা ৩টায়।
আফগানিস্তান সিরিজে থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম, ডিআরএস। তবে মাঠে দর্শক থাকতে পারবেন কি না, সেটি নিশ্চিত করা হয়নি এখনো।
এ নিয়ে মাত্র তৃতীয়বার দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আফগানিস্তান। সর্বশেষ ২০১৯ সালে একটি টেস্ট খেলে গেছে তারা, যেটিতে হেরেছিল বাংলাদেশ। তার আগে ২০১৬ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান।
আফগানিস্তানের বাংলাদেশ সফরের সূচি ২০২২
প্রথম ওয়ানডে, ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে, ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
তৃতীয় ওয়ানডে, ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি, ৩ মার্চ, ঢাকা
দ্বিতীয় টি-টোয়েন্টি, ৫ মার্চ, ঢাকা
*ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়, টি-টোয়েন্টি বেলা ৩টায়