এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ওয়েবসাইটে দেওয়া ফল অনুযায়ী এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে উঠে গেছে বাংলাদেশ। ওয়েবসাইটে বাংলাদেশকে দ্বিতীয় সেরা রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ দেখানো হচ্ছে। কিন্তু দুই দিন পেরোলেও এএফসি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় বিভ্রান্তি দূর হয়নি। তবে এএফসির এক কর্মকর্তা টেলিফোনে মৌখিকভাবে বাফুফেকে জানিয়েছেন, বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠেছে।বাফুফে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানতে ফোন করেই যাচ্ছে এএফসির কাছে। ‘আমরা জানাব’ বলে গতকালও গড়িমসি করে ব্যাপারটা ঝুলিয়ে রাখে এএফসি। রাতে বাফুফে জানিয়েছে, আজ চূড়ান্ত ঘোষণা দেবে এএফসি।সেই ঘোষণা ইতিবাচকই হবে বলে আশায় আছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, ‘আমাদের হিসাব এবং এএফসির ওয়েবসাইট অনুযায়ী আমরা কোয়ালিফাই করেছি। তবে এএফসি আনুষ্ঠানিকভাবে না জানানোয় বলতে পারছি না যে বাংলাদেশ চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে। আগে এএফসি জানাক, তারপর এ বিষয়ে প্রতিক্রিয়া দেব।’আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠেছে, ধরেই নেওয়া যায়। সে ক্ষেত্রে সালাউদ্দিনের চোখে এটি বাংলাদেশের ফুটবলের জন্য মাইলফলক, ‘চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠা মানে আমাদের ফুটবল একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। এটিকে কাজে লাগিয়ে স্পনসরদের কাছে যাব এবং ফুটবল উন্নয়নে আরও অনেক কর্মসূচি নেব। আমার অনেক পরিকল্পনা আছে চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্ব নিয়ে। এএফসি ঘোষণা দিলে তা জানাব।’সেই ঘোষণা আসতে দেরি হওয়ার মূল কারণ একটাই। শেষ গ্রুপের চতুর্থ দল ব্রুনাইয়ের নাম প্রত্যাহার করে নেওয়ায় ভজকট লেগে যাওয়া। এএফসির বাইলজে আছে, কোনো দল সরে দাঁড়ালে অন্য গ্রুপগুলোর চতুর্থ দলের বিপক্ষে ওই দলের অন্যদের জয়-পরাজয় বিবেচ্য হবে না। সেই হিসেবে বাংলাদেশ তো বাদই পড়ে যায়!তবে ব্রুনাইয়ের নাম প্রত্যাহার করার ব্যাপারটা এএফসি গ্রহণ করেনি। তাই বাংলাদেশের স্বপ্ন জীবন্ত হয় আবার। এখানেও অবশ্য জটিলতা আছে। এএফসি যেভাবে ব্রুনাইয়ের বিপক্ষে গ্রুপসঙ্গীদের ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে, সেটা বাইলজে নেই। ব্রুনাই টুর্নামেন্টে খেলতে এসে ওয়াকওভার দিলে নিয়মটা প্রযোজ্য হতো। কিন্তু তারা তো খেলতেই আসেনি।বাফুফের শীর্ষ মহলের ধারণা, ভারতকে সেরা রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে নেওয়ার একটা অদৃশ্য খেলা এএফসির অন্দরমহলে আছে। কারণ ভারতকে নানা কারণেই প্রয়োজন এএফসির। তাই এই কালক্ষেপণ এবং বাংলাদেশকে অপেক্ষায় রাখা। তবে কোনো হিসাবেই ভারতের সেরা রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ নেই।