চূড়ান্ত পর্ব যেন বিদেশিদের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষা শেষ। বড় দলগুলো আজ থেকে মাঠে নামছে। এর সঙ্গে বিজেএমসির প্রত্যাবর্তন—ঘরোয়া ফুটবলে জমাট একটা মৌসুমেরই আভাস। কিন্তু বিদেশি ফুটবলারের আগ্রাসন এই মৌসুমে আরও বেড়েছে। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে এটিকে দেশের ফুটবলে নতুন অশনিসংকেত বলছেন অনেকে!১৯৮৩ সালের পর আজই প্রথম ঢাকা মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিজেএমসি নতুনভাবে মাঠে নামছে। আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ জামাল, শেখ রাসেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটি দল বাড়ল। বিজেএমসি থাকায় ফেডারেশন কাপের চার গ্রুপের মধ্যে মুক্তিযোদ্ধা, মোহামেডানের ‘এ’ গ্রুপটাকে ডেথ গ্রুপও বলা হচ্ছে। সবাই ভাববে আশাজাগানিয়া ব্যাপার।আসলে আশার চেয়ে আশঙ্কাই বেশি। এবার সাতজন বিদেশি নিবন্ধনের অনুমতি মিলেছে ক্লাবগুলোর। খেলতে পারবে চারজন। কোনো বিদেশি আহত বা কার্ড সমস্যায় পড়লে বদলি খেলতে পারবেন আরেকজন বিদেশি। এতে বাংলাদেশের ফুটবলে আকাশে কালো মেঘের আনাগোনাই দেখছেন শেখ রাসেলের কোচ মারুফুল হক, ‘বিদেশিদের দাপটে এত দিন স্ট্রাইকার-সংকটই বেশি হয়েছে। কিন্তু অন্য পজিশনগুলাতেও এখন সংকট তৈরি হবে। আগামী দিনে দেশের ফুটবলে এর কুপ্রভাব পড়বে এবং জাতীয় দল আরও দুর্বল হবে।’ফরাশগঞ্জের কোচ কামাল বাবু বলেছেন, ‘আগামী দিনে দেশে ভালো ডিফেন্ডার কিংবা ভালো একজন মিডফিল্ডারও খুঁজে পাবেন না। এখন তো গুরুত্বপূর্ণ সব পজিশনেই এক বিদেশির বদলে আরেকজন বিদেশি খেলবে! স্থানীয়দের সুযোগ কোথায়?’বিদেশি কমানোর দাবি বাফুফের কর্নকুহরে প্রবেশ করেনি। উল্টো দুই-একটি ক্লাবের স্বার্থ দেখতে গিয়ে বিদেশি খেলোয়াড়ের দরজা অবারিত করা হয়েছে। সেই সুযোগে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ দল রেকর্ড ৬৫ জন বিদেশিকে নিবন্ধন করিয়েছে! নতুন মৌসুম শুরু নিয়ে ক্লাবপাড়ায় যতটা আলোড়ন, তার বেশিটাই বিদেশিদের নিয়ে। এখন ক্লাবে ক্লাবে চলছে নতুন আসা বিদেশিদের যোগ্যতার পরীক্ষা। আজ থেকে তাঁদের মানটা বোঝা যাবে, এই আর কি! আজ কমলাপুরে কক্স সিটির বিপক্ষে মাঠে নামছে মুক্তিযোদ্ধা। বিদেশি আগ্রাসনের মধ্যে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম একটা জায়গায় আশা দেখছেন, ‘খেলায় প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। এ কারণে পাতানো ম্যাচ না হওয়ার সম্ভাবনাই দেখছি। এটা ইতিবাচক দিক।’ তবে একই সঙ্গে একটা সংশয়ও আছে তাঁর, ‘...তবে এত বিদেশির ভিড়ে স্থানীয় খেলোয়াড়দের ও জাতীয় স্বার্থ কতটা রক্ষিত হবে, সেটি প্রশ্নবিদ্ধ। একসময় উন্মুক্ত থাকলেও এবারের মতো এত বিদেশি আগে আনেনি দলগুলো।’ খেলার ধারাবাহিকতাই বা কোথায়? বাফুফে সভাপতি হিসেবে ১০ মাস ফুটবল মাঠে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। অথচ কার্যত ছয় মাসই খেলা বন্ধ থাকল এবার! গত ২৭ জুন শেষ হয় বাংলাদেশ লিগ। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সুপার কাপের গ্রুপ ম্যাচ, তারপর আগস্টের প্রথম সপ্তাহে ফাইনাল ধরলেও পাঁচ মাসের মাথায় ঘরোয়া ফুটবল মাঠে নামল। আগে ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বটা আটটা দল নিয়ে হতো। এবার ১৬টি এবং বাড়তি হিসেবে আছে কোয়ার্টার ফাইনাল। ফরম্যাট বদলে খেলা বাড়ানো হয়েছে।দলগুলোর প্রস্তুতি শেষ। এখন লিগের জন্য নিজেদের দেখে নেওয়ার সময়। আবাহনী, ব্রাদার্স, মোহামেডানে এসেছে বিদেশি কোচ। প্রথম দুই দলে তাদের পুরনো কোচ আলী আকবর পোরমুসলিমি ও সৈয়দ নইমুদ্দিন। মোহামেডান কোচ করে এনেছে ক্লাবেরই সাবেক খেলোয়াড় এমেকা ইউজিগোকে। এই নাইজেরিয়ান তাঁর স্বদেশি সাত খেলোয়াড় নিয়ে কী ‘জাদু’ দেখান, সেদিকে তাকিয়ে মোহামেডান পরিবার। কোচ হিসেবে মোহামেডানে আজ অভিষেক হচ্ছে এমেকার। তাঁর যেন আর তর সইছে না, ‘আমার তো ইচ্ছে করছে মোহামেডানের হয়ে আবার মাঠে নেমে পড়ি!’