চূড়ান্ত পর্বে ব্রাদার্স ও রহমতগঞ্জ
মহানন্দে এবার দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে ব্রাদার্স ইউনিয়ন। কাল গ্রামীণফোন ফেডারেশন কাপেও ব্রাদার্সের বিশালাকৃতির পতাকা নিয়ে দলটির শ-দুয়েক সমর্থক মাতিয়ে রাখল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারি। আর মাঠ মাতালেন তাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভারটন। গোল না পেলেও তাঁর ড্রিবলিং, পাসিং—টুকরো টুকরো ব্রাজিলিয়ান জাদুতে এভারটন মুগ্ধ করে রাখলেন সবাইকে। অবশ্য জয়টা পেল তারা ৫৪ মিনিটে দিদারের একমাত্র গোলে। এই জয়েই চূড়ান্ত পর্বে উঠেছে ব্রাদার্স।চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে রহমতগঞ্জও। দিনের অন্য ম্যাচে টাইব্রেকারে তারা ৪-৩ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। রহমতগঞ্জ সোহেলের গোলে এগিয়ে গেলেও সমতায় ফেরান চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল। এরপর তাদের বদলি খেলোয়াড় আরাফাত ব্যবধান বাড়ালেও রহমতগঞ্জের জুয়েল পরের গোলটি শোধ করে দেন। ১৮ অক্টোবর শুরু হবে চূড়ান্ত পর্ব।আজকের খেলা: মুক্তিযোদ্ধা-ফরাশগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি-আরামবাগ (বিকেল ৩টা ও বিকেল ৫-৪৫ মি., বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর)।