বেশি বয়সের অভিযোগে ১৮ জনের দলের ১২ জন খেলোয়াড়কেই পেলেন না রাজশাহীর দামকুড়াহাট স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলী। টিকে থাকা ছয়জনের একজন পড়েছে চোটে। একাদশ গড়াই দুষ্কর! অগত্যা রাজশাহী থেকে আসতে বললেন আরও পাঁচজন খেলোয়াড়কে। কিন্তু ঢাকায় আসার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ওরা ফিরে গেছে বাড়িতে। বয়স লুকোনোর অভিযোগ মাথায় নিয়েই বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল শুরু হলো জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব। ফেরদৌস আলীর মতোই নোয়াখালী চরবাটা সওদাগরহাট স্কুলের কোচ দিদারুল আলম সেরা একাদশ গড়তে হিমশিম খেয়েছেন। বেশি বয়সের অভিযোগে তার দল থেকে বাদ পড়েছে আটজন খেলোয়াড়। একমাত্র গোলরক্ষক আরাফাত দেখেছে লাল কার্ড। কিন্তু প্রাথমিক পর্বে কেন এই খেলোয়াড়দেরই খেলার সুযোগ দেওয়া হলো, আর এখন কেন তারা বাদ? বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু যোবায়ের নিপুর কথা, ‘প্রায় পাঁচ শর ওপর ম্যাচ হয়েছে। এতগুলো ম্যাচে বয়স নির্ধারণের জন্য সারা দেশে এত লোকবল আমাদের নেই। ভরসা করতে হয়েছে ডিএফএর ওপর।’কাল উদ্বোধনী ম্যাচে সওদাগর হাট ১-১ গোলে ড্র করেছে শেরপুর ফসিউল উলুম দাখিল মাদ্রাসার সঙ্গে। গোলদাতা ফসিউল উলুমের শফিকুল ও সওদাগর হাটের সামিউল।