চূড়ান্ত পর্বের কাছে আয়ারল্যান্ড-ক্রোয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬টি দলের মধ্যে ১২ দল টিকিট পেয়ে গেছে। স্বাগতিক হিসেবে ইউক্রেন ও পোল্যান্ড খেলবে সরাসরি। বাকি ১০ দলকে আসতে হয়েছে বাছাইপর্ব পেরিয়ে। ইউক্রেন-পোল্যান্ড যাত্রার বাকি চারটি টিকিট কাদের হাতে উঠবে, সেটাও নিশ্চিত হয়ে যাবে আগামী মঙ্গলবার, দুই পর্বের প্লে-অফের শেষ ম্যাচের পর। তবে মঙ্গলবারের অপেক্ষায় মনে হয় থাকতে হবে না আয়ারল্যান্ড ও ক্রোয়েশিয়াকে। আগেই টিকিট নিশ্চিত করে রাখা জার্মানি, রাশিয়া, ইতালি, ফ্রান্স, হল্যান্ড, গ্রিস, ইংল্যান্ড, ডেনমার্ক, স্পেন ও সুইডেনের সঙ্গে এই দুই দল পা প্রায় দিয়েই ফেলেছে! চেক প্রজাতন্ত্রও চূড়ান্ত পর্বের যাত্রী হওয়ার পথে।পরশু প্লে-অফের প্রথম ম্যাচে এই তিনটি দলই পেয়েছে আশা-জাগানিয়া জয়। আয়ারল্যান্ড এস্তোনিয়ার মাঠে এস্তোনিয়াকে গুঁড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। মঙ্গলবার নিজেদের মাঠের ফিরতি ম্যাচের আগেই তাই উৎসবের আয়োজন সাজাচ্ছে আইরিশরা। অভিজ্ঞ রবি কিন করেছেন জোড়া গোল। কেইথ অ্যান্ড্রুস ও জন ওয়াল্টার্স একটি করে।ক্রোয়েশিয়া ৩-০ গোলে জিতেছে তুরস্কের মাটিতে। মন্টেনেগ্রোকে ২-০ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র। তবে জয়টা নিজেদের মাঠে বলেই একটু সংশয়ে চেকরা। ফিরতি ম্যাচটি যে প্রতিপক্ষের ঘরে। প্লে-অফের প্রথম দিনে হোঁচট খেয়েছে রোনালদোর পর্তুগাল। বসনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। তবে পর্তুগিজদের জন্য আশার কথা, মঙ্গলবার প্লে-অফের ফিরতি ম্যাচটি তারা খেলবে নিজেদের মাঠে।ঘরের মাঠে খেলা—এই মন্ত্র রোনালদোদের কতটুকু উজ্জীবিত করতে পারবে কে জানে! তবে ঘরের মাঠের ফিরতি ম্যাচে আইরিশদের একটাই কামনা, অনাকাঙ্ক্ষিত কিছু যেন না ঘটে। মঙ্গলবার নাটকীয় কিছু না ঘটা মানেই ২৪ বছর পর ইউরোর চূড়ান্ত পর্বে খেলবে আয়ারল্যান্ড। এএফপি।