চূড়ান্ত সিদ্ধান্ত নয়, হলো কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএল নিয়ে ফাঁকা বুলি আওড়ানো চলছেই। ঈদের আগে বিসিবির সর্বশেষ সভা শেষে বলা হয়েছিল, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১ নভেম্বরের (গতকাল) মধ্যে সব বকেয়া শোধ করতে হবে। নইলে ১ নভেম্বরের সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অথচ কাল সভার মাঝখানে এসে খেলাপি ফ্র্যাঞ্চাইজিদের ‘আরও একটা সুযোগ’ দেওয়ার পুরোনো গল্পই বলে গেলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।পাওনা শোধ করার জন্য বারবার সময় দেওয়ার পরও বিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা। তাদের কাছে বিসিবিকে হার মানতে হলো আরও একবার। এত দিন এত কিছু বলা এবং করার পর কাল পুরো বিষয়টাই যেন নতুন করে শুরু হলো! কোনো কঠোর সিদ্ধান্ত হয়নি, সমস্যা ‘সমাধানের’ জন্য কেবল একটা কমিটি গঠন হয়েছে সভায়। জালাল ইউনুস কমিটি গঠনের ঘোষণা দিয়ে বললেন, ‘মাননীয় সভাপতি বিষয়টা আরেকটু ভালোভাবে তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছেন। কমিটির আহ্বায়ক বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম। বাকি দুজন সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ও অর্থনৈতিক কমিটির প্রধান আহমেদ ইকবাল হাসান।’বিপিএলের তিন অংশীদার গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট, বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে কমিটি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে। সেই এক সপ্তাহ কাল থেকেই শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির প্রধান, ‘আশা করি এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। এটা হয়ে গেলে যেভাবে শিডিউল করা আছে, সবকিছু সেভাবে হবে।’পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৭ নভেম্বর দ্বিতীয় বিপিএলের খেলোয়াড় নিলাম হওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাওনা বাকি থাকায় এখনো প্রথম বিপিএলের ঝামেলাই শেষ হয়নি। খেলাপি ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপারে ওপরে কঠোর ভেতরে কোমল আচরণ বিপিএলের লেনদেন নিয়ে বিসিবি কর্মকর্তাদের অবস্থানও সন্দেহজনক করে তুলছে। বিদেশি খেলোয়াড়দের পাওনা শোধ বাবদ দুই ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং দুরন্ত রাজশাহীর কাছে বিপুল অঙ্কের টাকা পাওনা বিসিবির। পাওনা আছে ফ্র্যাঞ্চাইজি ফিও। এ ছাড়া অন্যান্য ফ্র্যাঞ্চাইজিও এখনো খেলোয়াড়দের সব টাকা শোধ করেনি। কঠোর সিদ্ধান্ত নিতে বিসিবির এক পা এগিয়ে দুই পা পেছানো তাই যেন সরষেয় ভূতের উপস্থিতিই জানান দিচ্ছে।বিপিএল গভর্নিং কাউন্সিলের শীর্ষ পদে বোর্ড পরিচালকেরাই আছেন। তার পরও সমস্যা সমাধানের জন্য নতুন কমিটি গঠন মানে গভর্নিং কাউন্সিলের ব্যর্থতা স্বীকার করে নেওয়া। জালাল ইউনুস মানতে চাইলেন না, ‘ব্যর্থ বলব না। প্রথম বিপিএল অনেক তাড়াহুড়া করে হয়েছিল। সে জন্য অনেক সমস্যা থেকে গেছে। অনেক কিছু লিখিত থাকা উচিত ছিল, সেগুলো হয়তো সময়মতো করা হয়নি। চুক্তির অনেক ক্লজ আছে, যেগুলো নিয়ে অনেকের আপত্তি আছে। এগুলো সমাধানের জন্যই এই কমিটি করা।’কিন্তু এত দিন এত হম্বিতম্বি করার পর হঠাৎ কেন মনে পড়ল কমিটি গঠনের মধ্যেই লুকিয়ে সমস্যা সমাধানের সব সম্ভাবনা? এই কমিটি তা হলে আরও আগে করা হলো না কেন? জালাল ইউনুস এবার দিলেন ‘ওয়ান শট’ তত্ত্ব, ‘বোর্ডে নতুন সভাপতি এসেছেন। উনি কিছু জিনিস অবগত ছিলেন না। গেম অন, ফ্র্যাঞ্চাইজি, বিপিএল গভর্নিং কাউন্সিল—অনেকে অনেক রকম তথ্য দিচ্ছে তাঁকে। উনি চাচ্ছেন যেন সবকিছু তদন্ত করে ওনার কাছে পেশ করা হয়। উনি চাচ্ছেন, এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্তটা হবে এবং ওয়ান শটে এটা শেষ করা হবে।’অথচ গত সভার পর বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসানই বলেছিলেন, ১ নভেম্বরের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তার পরও ‘ওয়ান শটে’র জন্য আরও কেন অপেক্ষা, সেটা একটা রহস্য। জালাল ইউনুসের ব্যাখ্যা, ‘মনে হচ্ছিল, এটা ইজি ইস্যু। কিন্তু এত ইজি ইস্যু না।’পাওনা শোধ না করায় গত বোর্ড সভায় ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং দুরন্ত রাজশাহীর কার্যক্রম স্থগিত করা হয়। ঢাকা গ্ল্যাডিয়েটরস সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করলেও কাল জালাল ইউনুস নিশ্চিত করেছেন, ‘অন্যান্য ফ্র্যাঞ্চাইজির তুলনায় দুটি ফ্র্যাঞ্চাইজির কাছে বকেয়া কিছু বেশি। সে জন্য এই দুটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তা স্থগিতই থাকবে। তবে তাদের কাছ থেকে যা কিছু জানা দরকার, জিজ্ঞাসাবাদ করে সেসব জানা হবে।’