চেক-টেরি-ল্যাম্পার্ডহীন চেলসি

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ড্র করে ফেরাটাকে ‘জয়’ ভেবে হোসে মরিনহো একটু নির্ভারই থাকতে পারতেন। কিন্তু চোট ও নিষেধাজ্ঞায় চেলসির নিজেদেরই যে ত্রিশঙ্কু দশা! পরশু অ্যাটলেটিকোর সঙ্গে এক ম্যাচেই মরিনহো হারিয়ে ফেললেন চার-চারজনকে। ১৮ মিনিটেই প্রথম আঘাতটা পায় চেলসি, কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় পিওতর চেককে। ৭২ মিনিটে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন জন টেরি। চেকের মৌসুমই শেষ হয়ে গেছে, সেমিফাইনালের পরের লেগে নামতে পারবেন না টেরি। মরিনহোই তথ্যটা জানিয়ে বলেছেন, ‘টেরিকে আবার খেলতে হলে আমাদের ফাইনালে উঠতে হবে।’
এ তো গেল চোট, সঙ্গে যোগ হয়েছে নিষেধাজ্ঞার ছোবলও। হলুদ কার্ড দেখে নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও জন ওবি মিকেলের ওপর। চতুর্মুখী আঘাতের পর মরিনহো বললেন, ‘আমরা চারজন খেলোয়াড় হারিয়েছি, দুজন চোটে ও দুজন হলুদ কার্ডে। কিন্তু আমরা লড়াই করে যাব।’ দুঃসংবাদ আছে ডিয়েগো সিমিওনের জন্যও, নিষেধাজ্ঞার জন্য পরের লেগে অধিনায়ক গাবিকে পাচ্ছেন না অ্যাটলেটিকো কোচ। এএফপি।