চেককে বিধ্বস্ত করে রাশিয়ার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে এগিয়ে ছিল রাশিয়া। মাঠের লড়াইয়েও ব্যতিক্রম হলো না। চেক প্রজাতন্ত্রকে গতকাল শুক্রবার রাতে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইউরো অভিযান শুরু করেছে রাশিয়া।এর আগে পোল্যান্ড ও গ্রিসের মধ্যকার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এবারের আসরের প্রথম জয় পাওয়ার কৃতিত্বটা তাই রাশিয়ার।রাশিয়ার জয়ের নায়ক অ্যালান জাগোয়েভ। দলের চার গোলের মধ্যে তাঁর অবদান দুটি। খেলার ১৫ মিনিটে চেক গোলরক্ষক পিতওর চেককে পরাস্ত করে বল জালে জড়ান জাগোয়েভ। তবে এই গোলটির মালিক আলেক্সান্ডার খেরজাকোভও হতে পারতেন। বেশ ভালো একটা হেড করলেও বল সাইড পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলটা সহজেই জালে জড়িয়ে দেন জাগোয়েভ। এর ৯ মিনিট পর আন্দ্রেই আরশাভিনের ডিফেন্স চেরা থ্রোতে ডান দিক থেকে পা ছুঁয়ে গোল করেন রোমান শিরোকোভ। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রাশিয়ার গোলরক্ষককে বোকা বানিয়ে একটি গোল শোধ করেন ভেকলাভ পিলার। এরপর সমতায় ফেরার চেষ্টায় কমতি ছিল না চেকদের। তবে উল্টো আরও দুটি গোল হজম করতে হয় দলটিকে। খেলার ৭৯ মিনিটে অ্যালান জাগোয়েভ এবং ৮২ মিনিটে রোমান পাবলোঙ্কো গোল করে রাশিয়ার বড় জয় নিশ্চিত করেন।খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে রাশিয়ানরা। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়ের সুবাদে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইল রাশিয়া। ম্যাচ শেষে রাশিয়ার কোচ ডিক অ্যাডভোকাট সাংবাদিকদের বলেন, ‘চেকরা আমাদেরকে জায়গা করে দিয়েছিল। এ কারণে আমরা ভয়ংকর হয়ে উঠতে পেরেছিলাম। প্রথম ম্যাচে খেলোয়াড়েরা যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। প্রথম ম্যাচে আমরা জিতেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ দলের সবচেয়ে বড় তারকা আন্দ্রেই আরশাভিন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোলের দেখা পাননি। তবে তিনি খেলেছেন দুর্দান্ত। প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক চেকের রক্ষণভাগে আক্রমণ চালান তিনি। আরশাভিনের কথা তাই আলাদা করেই বললেন কোচ অ্যাডভোকাট, ‘আন্দ্রেই খুব ভালো খেলেছে। ও খুব পরিশ্রমী। আন্দ্রেই যেভাবে খেলে, দলের জন্য ও খুবই গুরুত্বপূর্ণ।’ রয়টার্স।