চেকদের ‘ট্রেবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩-২ ব্যবধানে স্পেনকে হারিয়ে ডেভিস কাপের শিরোপা জিতেছে চেক প্রজাতন্ত্র। পরশু প্রাগের ফাইনালে শিরোপা নির্ধারণী শেষ এককে রাদেক স্তেপানেক নিকোলাস আলমাগ্রোকে হারিয়ে জিতিয়ে দেন চেকদের। এই সাফল্যে অনন্য এক কীর্তি গড়া হলো চেক প্রজাতন্ত্রের। এর আগে তারা জিতেছে ফেড কাপ এবং হপম্যান কাপ। আগে কোনো দেশই টেনিসের এই বড় তিন টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি।স্পেতানেক-আলেমাগ্রোর ম্যাচের আগে দুই দল ছিল ২-২ সমতায়। কোর্টে প্রায় ১৫ হাজার স্বাগতিক দর্শক স্তেতানেকের জয় প্রার্থনা করছিল। পরিশ্রম আর আক্রমণাত্মক টেনিসের প্রদর্শনীতে প্রথম দুই সেটে এগিয়ে থাকা স্পেতানেক ম্যাচ জেতেন ৬-৪, ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে। জয়ের পর নেটের ওপর দিয়ে লাফিয়ে ছুটে যান দর্শকদের দিকে। আবেগে জড়িয়ে ধরেন স্ত্রীকে। তখন তাঁর গাল বেয়ে ঝরছিল আনন্দাশ্রু। ফেডকাপ, হপম্যান কাপের পর ডেভিস কাপ জয়—চেকদের এই সাফল্যকে ‘অবিশ্বাস্য অর্জন’ বললেন স্পেতানেক, ‘এটার জন্য আজীবন স্বপ্ন দেখেছি আমি। এবার আমরা ডেভিস কাপে চ্যাম্পিয়ন। এটা অবিশ্বাস্য।’ এর আগে চেকরা সর্বশেষ ডেভিস কাপ জিতেছিল ৩২ বছর আগে। ইভান লেন্ডলের দলটি অবশ্য সেই টুর্নামেন্ট জিতেছিল চেকোস্লোভাকিয়ার হয়ে। ফাইনালে এবার স্পেন ফাইনাল জিতলে গত পাঁচ বছরে স্পেনের চতুর্থ শিরোপা হতো তাদের। কিন্তু চোটের কারণে রাফায়েল নাদাল না থাকায় এবার জিততে পারল না স্পেন। এএফপি, ওয়েবসাইট।