চেকরা হেরেছে হাঙ্গেরির কাছে
দেশটির নাম যখন চেকোস্লোভাকিয়া ছিল, তখন তারা একবার ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল। চেক ও স্লোভাকিয়া দুই ভাগে বিভক্ত হওয়ার পর সাবেক চেকোস্লোভাকিয়ার ফুটবল ঐতিহ্যের প্রায় পুরোটাই পেয়ে যায় বর্তমানের চেক প্রজাতন্ত্র। ১৯৯৬ সালের ইউরোয় তারা উঠেছিল ফাইনালে। ফাইনালে হেরে যায় জার্মানির কাছে। ২০০৪ সালে অন্যতম সেমিফাইনালিস্টও তারা। এককালের পাভেল নেদভেদ, হালের পিওতর চেক কিংবা মিলান বারোসের মতো তারকারও আবাসভূমি এই চেক প্রজাতন্ত্র। আসন্ন ইউরোয় অনেক শীর্ষস্থানীয় দলেরই মাথা ব্যথার কারণ হতে পারে তারা। কিন্তু কাল নিজেদের মাঠে, ইউরো শুরু হওয়ার আগে একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে দলটি। আন্তর্জাতিক ফুটবলে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা হাঙ্গেরির কাছে দলটি হেরেছে ২-১ গোলে।প্রাগে ম্যাচের শুরুতেই কিছু বুঝে ওঠার আগে গোল খেয়ে পিছিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ম্যাচের ছয় মিনিটের সময় বালাদ সুদাসসাকের ফ্রি-কিকের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। চেক রক্ষণভাগের গুছিয়ে ফি-কিকের সামনে দাঁড়ানোর বিলম্বের সুযোগটি নেন সুদাসসাক। বাঁ-পায়ের বাঁকানো শটে অপ্রস্তুত গোলরক্ষক পিওতর চেককে পরাভূত করেন তিনি। গোল খাওয়ার পরে অবশ্য হাঙ্গেরির ওপর আক্রমণে ঝাঁপিয়েছে চেক প্রজাতন্ত্র। ম্যাচে বেশির ভাগ সময়ই বল চেকদেরই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতা ও হাঙ্গেরির আক্রমণভাগের সুযোগ কাজে লাগানোর সক্ষমতা চেকদের ম্যাচটি জিততে দেয়নি।চেকরা খেলায় ফেরে অবশ্য প্রথমার্ধেই। একটি সম্মিলিত আক্রমণে হাঙ্গেরির রক্ষণব্যূহে অবৈধ বাধার সম্মুখীন হন ফরোয়ার্ড মিলান বারেস। প্রাপ্ত পেনাল্টির সুযোগ কাজে লাগান মাইকেল ক্যাডলেচ। দ্বিতীয়ার্ধে গিওরস্কোর গোলে নিজেদের জয় নিশ্চিত করে হাঙ্গেরি। একটি থ্রু থেকে চেক রক্ষণব্যূহের ঠিক সামনেই বল পেয়ে যান তিনি। এরপর দুর্দান্ত শটে পিওতর চেককে পরাভূত করেন। কালকের খেলায় অবশ্য খেলেননি অধিনায়ক টমাস রসেস্কি। তাঁকে বসিয়েও মোটামুটি পুরো শক্তির দলই খেলান কোচ মাইকেল বিলেক। কিন্তু কালকের পরাজয় ইউরোর আগে মনের মধ্যে এক খচখচানিই হয়ে থাকবে চেকদের জন্য। ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই রাশিয়ার সঙ্গে খেলা চেক প্রজাতন্ত্রের। এই গ্রুপে বাকি দুটি দল হচ্ছে, গ্রিস ও স্বাগতিক পোল্যান্ড। রয়টার্স।