চেজিংয়ের চ্যাম্পিয়ন কোহলি
সামনে ৩০০ রানের বিন্ধ্যাচল। কিন্তু লক্ষ্য যত বড়, ইদানীং বিরাট কোহলির ব্যাটও যেন ততটাই চওড়া। একসময় ৩০০ রান করলেই ধরে নেওয়া হতো জয়টা হাতের মুঠোয় এসে গেছে। কিন্তু এখন ৩৫০ রান তাড়া করাও যেন মামুলি ব্যাপার। আর এটা মনে হচ্ছে কোহলির কারণে। অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজেই দুবার ৩৫০ রান তাড়া করে জেতালেন দলকে। কোহলি যেন চেজিংয়ের রাজা।
পরিসংখ্যানও সাক্ষ্য দিচ্ছে সে রকমই। এখন পর্যন্ত ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরি, এর মধ্যে ১১টি করেছেন পরে ব্যাটিংয়ে নেমে। ছুঁয়ে ফেলেছেন পরে নেমে ক্রিস গেইলের সেঞ্চুরির সংখ্যা। সেটাও আবার ৬৪টি ইনিংস খেলে। গেইল করেছেন ১৩২ ইনিংসে। পরে ব্যাট করে সবচেয়ে বেশি ১৭টি সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার। তবে একটা জায়গায় কোহলি ছাড়িয়ে গেছেন তাঁর পূর্বসূরিকেও। তাঁর ১১ সেঞ্চুরির প্রতিটিতেই জিতেছে ভারত। এর মধ্যে আবার পাঁচটিতে শেষ পর্যন্ত ব্যাটিং করে মাঠ ছেড়েছেন। টেন্ডুলকারের ১৭টির তিনটিতে হেরেছিল ভারত। কোহলির বয়স মাত্র ২৪। কোথায় গিয়ে থামবেন তিনি?
পরশুর ম্যাচে আরও কিছু মাইলফলকও ছুঁয়েছেন ভারতের সহ-অধিনায়ক। ভারতের হয়ে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি, ২০১৩ সালে ১০০০ রান, কমপক্ষে দুবার টানা পাঁচ ম্যাচে ৫০ বা তার চেয়ে বেশি রান...তালিকাটা লম্বাই। তবে তাঁর রান তাড়া করার অবিশ্বাস্য রেকর্ডটা নিয়েই আলোচনা হচ্ছে বেশি। ধোনি অবশ্য দেখছেন পরিণত এক কোহলিকে, ‘বিরাট (কোহলি) খেলোয়াড় হিসেবে অনেক পরিণত হয়েছে। সে সব সময়ই সুযোগের সদ্ব্যবহার করে।’ ওয়েবসাইট।