চেনা জগতে ফিরছেন উডস
গলফ এবং টাইগার উডসের জন্য সুখবর আছে। গত তিন মাসের অস্থির ওলটপালট সময় পেরিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন গলফের মহাতারকা। অ্যারিজোনায় স্ত্রী এলিন উডসের সঙ্গে এক সপ্তাহের পুনর্বাসন শেষে ঘরে ফিরেছেন। শুধু ঘরেই নয়, উডস ফিরেছেন গলফ কোর্সেও। ফ্লোরিডায় বাড়ির সঙ্গে লাগোয়া মাঠে খানিকক্ষণ খেলেছেন। অনেক দিন পর নিজের পরিচিত জগতে ফেরার একটা স্বস্তি তো ছিলই, সবচেয়ে স্বস্তির ব্যাপার হলো, জীবনের ছক পাল্টে যাওয়া ঘটনাবহুল এই ক মাসের পরও মোটেও মরচে ধরেনি তাঁর খেলায়। উডসের কাছের এক সূত্র বার্তা সংস্থাকে জানিয়েছে এ খবর। অবশ্য অনির্দিষ্টকালের ছুটি কাটিয়ে উডস প্রতিযোগিতায় কবে ফিরবেন, সেটি এখনো নিশ্চিত নয়। গলফের চেয়েও উডসের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তাঁর সংসার। উডসের ওই বন্ধুটি বলেছেন, ‘ও এখনো বউয়ের সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নিচ্ছে। ওরা দুজনই এ ব্যাপারে যথেষ্ট গুরুত্বের সঙ্গে কাজ করছে। উডস খানিকক্ষণ খেলেছেও। বেশ ভালোই খেলেছে।’১৪টি মেজর জয়ী এই গলফার প্রতিদ্বন্দ্বিতামূলক গলফে কবে ফিরবেন, এ নিয়ে স্বাভাবিকভাবেই গলফপ্রেমীদের মধ্যে তুমুল কৌতূহল। দীর্ঘ সময় বাইরে থাকলেও এই সময়ের মধ্যে উডস মাত্র দুটো প্রতিযোগিতা মিস করেছেন। ধারণা করা হচ্ছে, এ মাসের শেষ দিকে বে হিলসের আরনল্ড পালমার আমন্ত্রণমূলক টুর্নামেন্ট দিয়েই গলফে ফিরবেন তিনি। ওয়েবসাইট।