চেনা জার্মানি, অচেনা স্পেন
বিশ্বকাপের অন্যতম ফেবারিট তারা। কিন্তু সবার শেষে অনুশীলন শুরু করেছে বলেই প্রস্তুতি ম্যাচে স্পেনকে কাঁপিয়ে দেবে এশিয়া থেকে বাছাইপর্ব উতরাতে ব্যর্থ সৌদি আরব! অস্ট্রিয়াতেই নিউজিল্যান্ডের কাছে হেরে সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে সার্বিয়ান ফুটবলারদের, আর স্লোভাকিয়ার সঙ্গে ড্র করেছে ক্যামেরুন। জার্মানি অবশ্য জিতেছে সহজেই, টানা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তারা জিতেছে ৩-০ গোলে। দক্ষিণ আফ্রিকা রওয়ানা হওয়ার আগে আত্মবিশ্বাস-জাগানিয়া জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।ইউরোপে স্পেনের ঘরোয়া মৌসুম শেষ হয় সবার শেষে, স্পেন অনুশীলন শুরু করেছে দিনকয়েক আগে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের খেলায় ছিল ক্লান্তির ছাপ, অনেকটা গা বাঁচিয়ে খেলার প্রবণতাও দেখা গেছে। এই সুযোগে ১৭ মিনিটে ওসামা হাসাউয়ির গোলে এগিয়ে যায় সৌদি আরব। একটু গুছিয়ে নিয়ে স্পেন সমতায় ফেরে ৩০ মিনিটে ডেভিড ভিয়ার হেডে, ৫৬ ম্যাচে যেটি তাঁর ৩৭তম গোল। ৫৮ মিনিটে জাভি আলোনসোর দূরপাল্লার গড়ানো শট এগিয়ে দেয় স্প্যানিয়ার্ডদের, তবে ৭৪ মিনিটেই সৌদিরা সমতায় ফেরে মোহাম্মেদ আল সালাউইয়ের গোলে। ইনজুরি সময়ে আলোনসোর কর্নারে মাথা ছুঁইয়ে স্পেনকে জেতান অ্যাথলেটিক বিলবাও স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তে। ম্যাচে মোট ১৭ জনকে খেলিয়েছেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক।দিনকয়েক আগেই মাল্টাকে ৩-০ গোলে হারিয়েছিল জার্মানি। পরশু বুদাপেস্টের পুসকাস স্টেডিয়ামে একই ব্যবধানে হারিয়েছে হাঙ্গেরিকে। মাল্টার বিপক্ষে দুই গোল করা ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার কাকাউ এই ম্যাচেও করেছেন এক গোল, বাকি গোল দুটি লুকাস পোডলস্কি ও মারিও গোমেজের। নতুন অধিনায়ক লাম, শোয়েনস্টেইগার, মুলাররা বিশ্রামে থাকায় অধিনায়কত্ব করেছেন মিরোস্লাভ ক্লোসা।ইউরোপিয়ান বাছাইপর্বে ফ্রান্সকে টপকে গ্রুপ শীর্ষে থাকা সার্বিয়াকে হারিয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ে ৬৩ ধাপ পেছনে থাকা নিউজিল্যান্ড। ১৮ মিটার দূর থেকে নেওয়া শটে ম্যাচের একমাত্র গোলটি করেন শেন স্মেল্টজ। ম্যাচের দ্বিতীয়ার্ধে হতাশ সার্বিয়ান সমর্থকেরা হাতের কাছে যা পেয়েছে, তাই ছুড়ে মেরেছে মাঠে। ডেজান স্টানকোভিচের বিশ্রামে অধিনায়কত্ব করা নেমানিয়া ভিদিচের অনুরোধে সমর্থকেরা শান্ত হলে আবার শুরু হয় খেলা। ক্যামেরুনের বিপক্ষে কাপুনেচের ৬ মিনিটের গোলে এগিয়ে যায় স্লোভাকিয়া, ৮৩ মিনিটে ইনো ইয়ংয়ের গোলে হার বাঁচায় অদম্য সিংহরা। ফিলাডেলফিয়ায় আরদা তুরানের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল তুরস্ক। জজি আল্টিডোরের ৫৮ মিনিটের গোলে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র, জয় আসে ৭৫ মিনিটে ক্লিন্ট ডেম্পসির গোলে।আত্মঘাতী গোলে ইংল্যান্ডের জয়: গোল তিনটিই লেখা রইল জাপানি খেলোয়াড়দের নামে। কিন্তু গতকাল অস্ট্রিয়ার গার্জে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। খেলার ৭ মিনিটেই মার্কাস তুলিও তানাকার গোলে এগিয়ে গিয়েছিল জাপান।মধ্যে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড পেনাল্টি মিস করে ইংল্যান্ডকে আরও বিপদে ঠেলে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তানাকা (৭২ মিনিট) ও নাকাওয়াজার (৮৩ মিনিট) আত্মঘাতী গোলে ম্যাচ জিতল ইংল্যান্ড। রয়টার্স।