চেনা দুই প্রতিপক্ষের লড়াই
ভারত-শ্রীলঙ্কা অতিভোজের তেতো ঢেকুর নিয়ে কত কথাই না হয়েছে। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছে (১৩৪) এই দুই দল। পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াইও কিন্তু খুব একটা পিছিয়ে নেই—ম্যাচের সংখ্যায় মাত্রই ৭টি। এই তো গত নভেম্বরে মধ্যপ্রাচ্যে ৫ ম্যাচের সিরিজ হলো। এরপর দেখা হলো এশিয়া কাপে। আজ আবার পাল্লেকেলেতে শুরু হচ্ছে ৫ ম্যাচের সিরিজ!হাম্বানটোটার টি-টোয়েন্টি সিরিজটা আলাদা করতে পারেনি দুই দলকে। দুই ম্যাচ অনুসরণ করেছে একই গতিপথ। প্রথমে ব্যাট করা দল তুলেছে টি-টোয়েন্টির বিচারে নিতান্তই কম রান (১৩২ ও ১২২)। এই রান টপকাতেই আবার মুখ থুবড়ে পড়েছে রান তাড়া করা দল (৯৫ ও ৯৯)। তবে ওয়ানডে সিরিজে ফেবারিট হিসেবেই শুরু করবে পাকিস্তান। ব্যাটিংয়ে দুই দলই কাছাকাছি, হয়তো খানিকটা এগিয়ে শ্রীলঙ্কা। তবে বোলিংটা আবার অনেক এগিয়ে রাখছে পাকিস্তানকে। দুই দলের সর্বশেষ ৬ ম্যাচের ৫টিই পাকিস্তান জিতেছে মূলত বোলারদের সৌজন্যেই।লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও আলাদা করে বললেন পাকিস্তানি বোলিংয়ের কথা, ‘পাকিস্তান হবে আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। ওদের বেশি লড়াকু করে তুলেছে বোলিং আক্রমণ। বোলিংয়ে বিকল্পের অভাব নেই ওদের।’ আফ্রিদি-আজমল-হাফিজ স্পিনত্রয়ী যথারীতি সবচেয়ে বড় ভরসার জায়গা। সঙ্গে উমর গুল ও নতুন করে ফেরা মোহাম্মদ সামি এবং সোহেল তানভিরকে নিয়ে পেস আক্রমণটাও দারুণ। টি-টোয়েন্টিতে যা ছিল না, ব্যাটিংয়ে সেই স্থিতিশীলতা আনার জন্য ওয়ানডেতে আছেন মিসবাহ-উল-হক ও ইউনুস খান। তবে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো সব সময়ই ক্রিকেটের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। দারুণ লড়াইয়ের এক সিরিজই হয়তো তাই অপেক্ষা করছে। এএফপি, ওয়েবসাইট।