চেনা পন্টিং, চেনা ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজের প্রথম ইনিংসে সেঞ্চুরির পর মাঝখানে খেলে ফেলেছেন আরও ১৬ ইনিংস। কিন্তু সেঞ্চুরির দেখা নেই রিকি পন্টিংয়ের। ক্যারিয়ারে বার দুয়েক এর চেয়েও বেশি ইনিংস সেঞ্চুরিবিহীন কাটিয়েছেন, কিন্তু বয়সটা ৩৫ বলেই হয়তো এবার গুঞ্জন উঠেছিল, তবে কি শেষের পথে পন্টিং! যে পুল শটে তাঁকে মনে করা হয় সর্বকালের অন্যতম সেরা, সেটি খেলতে গিয়ে কয়েকবার আউট। রিফ্লেক্সে বয়সের ছায়া দেখছিলেন অনেকেই। কাল ঘরের মাঠ বেলেরিভ ওভালে অপরাজিত এক সেঞ্চুরি করে একসঙ্গে সব সন্দেহকেই যেন ‘পুল’ করে দিলেন পন্টিং। টেস্ট শুরুর আগে জেনেছিলেন ক্রিকইনফোর দশক-সেরা ক্রিকেটার হওয়ার খবর, এটাও উদ্বুদ্ধ করে থাকতে পারে।আর তাঁকে দেখেই যেন অনুপ্রাণিত হলেন মাইকেল ক্লার্ক। অ্যাশেজের তৃতীয় টেস্টে বার্মিংহামে সেঞ্চুরির পর টানা ১২ ইনিংস সেঞ্চুরি দেখেনি ক্লার্কের ব্যাট। ফিসফাস ছিল তাঁর ফর্ম নিয়েও। দিন শেষে ক্লার্কের নামের পাশেও অপরাজিত সেঞ্চুরি। চতুর্থ উইকেটে এই মাঠের রেকর্ড ২৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন, হোবার্ট টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৩০২।অথচ দিনের প্রথম সেশনটা ছিল পাকিস্তানের। তিন পেসার ৭১ রানেই তুলে নিয়েছিলেন তিন উইকেট। সংখ্যাটা হতে পারত চার, কিংবা আরও বেশি। সিডনিতে প্রথম বলেই পুল করতে গিয়ে আউট হয়েছিলেন পন্টিং। কাল চতুর্থ বলেই আবারও পুল করতে গিয়ে ক্যাচ দেন লং লেগে। কিন্তু ক্যাচটা হাতে জমাতে পারেননি আমির। পন্টিং তখনো শূন্য। আরেকবার ফারহাত-মনজুর একে অন্যের সঙ্গে ধাক্কা খেয়ে মিস করেছেন ওয়াটসনের ক্যাচ। ওয়াটসনের ক্যাচ মিসের জন্য মূল্য দিতে হয়নি, কিন্তু পন্টিংয়েরটা! এই টেস্টের আগে বলেছিলেন, পুল শট খেলা থামাবেন না। কথা রেখেছেন পন্টিং। ইনিংসের শুরুতে জীবন পেলেন, একবার উমর গুলের বল লাগল হেলমেটে, কিন্তু খেলে গেছেন পুল শট। সময় যতই গড়িয়েছে ততই ফিরেছেন নিজের সেরা রূপে। ক্যারিয়ারের ৩৯তম আর ঘরের মাঠে দ্বিতীয় সেঞ্চুরিটা পেয়েছেন ১৫৯ বলে। শুরুতে নড়বড়ে ছিলেন ক্লার্কও। তবে থিতু হওয়ার পর সেই চেনা কাট-পুল, আর স্পিনারদের বিপক্ষে ডাউন দ্য উইকেট খেলেছেন তিনিও, ১৮৮ বলে তুলে নিয়েছেন ১৩তম সেঞ্চুরি।দিন শেষে পাকিস্তান আবারও হয়তো বসে গেছে হিসাব মেলাতে। প্রথম সেশনে পেসারদের দুর্দান্ত বোলিংয়ের পরও কেন পরের দুই সেশন শুরু করানো হলো স্পিনারদের দিয়ে, পুরো দ্বিতীয় সেশনে কেন বোলিংয়ে আনা হলো না আমিরকে, কিংবা কেন সাজানো হলো রক্ষণাত্মক ফিল্ডিং। আর ক্যাচিং! কাল পর্যন্ত সিরিজে ১৪টা ক্যাচ মিস করল পাকিস্তান।