চেনা ফ্রান্স, চেনা স্পেন
পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না ফ্রান্স। বিশ্বকাপে ভরাডুবির পর দলে আমূল পরিবর্তন ঘটে গেছে, তার পরও ভাগ্য পরিবর্তন হলো না ফরাসিদের। ২০১২ সালের ইউরো বাছাই পর্বের ম্যাচে গতকাল শুক্রবার বেলারুশের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।ফরাসিদের ব্যর্থতার ধারাবাহিকতা রক্ষার দিনে চেনা রূপ ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। লিকটেনস্টাইনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। বাছাই পর্বের অপর ম্যাচে জারমেইন ডিফোর হ্যাটট্রিকের সুবাদে ইংল্যান্ড ৪-০ গোলে বুলগেরিয়াকে, সুইডেন ২-০ গোলে হাঙ্গেরিকে ও ইতালি ২-১ গোলে এস্তোনিয়াকে হারিয়েছে। পর্তুগাল ও সাইপ্রাসের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়।ক্রান্তিকাল চলছে ফরাসি ফুটবলে। বিশ্বকাপ ও এর পরবর্তী ঘটনা প্রবাহের কারণে নতুন কোচ লরাঁ ব্লাঁর দিকে দৃষ্টি ছিল সবার। তবে ফুটবলারদের ব্যর্থতার বৃত্ত থেকে বের করে আনতে পারলেন না তিনিও। বেলারুশের কাছে হারের পর ব্লাঁর প্রতিক্রিয়া, ‘কঠিন সময় অতিক্রম করছি আমরা। কোনো কিছুই কাজে আসছে না। আরও লড়াই করতে হবে আমাদের।’—রয়টার্স