চেনা বাংলাদেশে চেনা স্ট্রিক

সকাল থেকেই বিসিবি কার্যালয়ে সাংবাদিক আর টেলিভিশন ক্যামেরার ভিড়। বোলিং কোচ হিথ স্ট্রিক আগের রাতে ঢাকায় পৌঁছালেও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল কাল দুপুর ১২টায়। ভিড়ের কারণ সেটিই। পরশু বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের ‘আসসালামু আলাইকুম’ বলে চমকে দেওয়া জিম্বাবুইয়ান কোচ নতুন দায়িত্ব প্রসঙ্গে আর কী কী বলেন, সবার কৌতূহল থাকল সেদিকেই।
না, নতুন চমক দেননি বাংলাদেশ দলের বোলিং কোচ। তাঁকে ঘিরে সাংবাদিকদের ভিড় দেখে চমকালেন না নিজেও, ‘জানি, বাংলাদেশের মানুষ ক্রিকেট অনুরাগী। এখানে খেলোয়াড় এবং কোচ হিসেবে আগেও এসেছি। অনেক মানুষ দেখে ভালো লাগছে৷ তবে একদমই অবাক হইনি।’
ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর কক্ষে চুক্তি সইয়ের পর প্রথম দিনেই ঘুরে দেখেছেন একাডেমি মাঠ ও ভবন, বিসিবি কার্যালয়, স্টেডিয়াম, ড্রেসিং রুম। ড্রেসিং রুমে দেখা হয়ে গেল মুশফিকুর রহিমদের সঙ্গেও। শুভেচ্ছা বিনিময়ের পর অধিনায়কের সঙ্গে বোলিং কোচের আলোচনায় উঠে এল বাংলাদেশ দল, বাংলাদেশের ক্রিকেট, উইকেট, আইপিএল, সাকিব আল হাসানের আইপিএল সাফল্য ইত্যাদি প্রসঙ্গ। স্ট্রিক আজ থেকে যোগ দেবেন অনুশীলনেও।
বাংলাদেশের সঙ্গে হিথ স্ট্রিকের সম্পর্ক বেশ পুরোনো। ১৯৯৩ সালে জাতীয় দলের হয়ে তাঁর প্রথম বিদেশ সফরই ছিল বাংলাদেশে। ২০০২ সালে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে গেছেন আবাহনীর হয়ে। বাংলাদেশও টেস্ট মর্যাদা পাওয়ার শুরুতে প্রতিপক্ষ জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে পেয়েছে স্ট্রিককেই।
বাংলাদেশের ক্রিকেট তাই ভালোই জানা তাঁর৷ জানেন এখানে কাজ করার চ্যালেঞ্জটাও, ‘বাংলাদেশের উইকেট একটা বড় সমস্যা। অন্য দেশের উইকেটের চেয়ে এখানকার উইকেটের আকাশ-পাতাল পার্থক্য। উঠতি ফাস্ট বোলারদের কাজটা তাই কঠিন হয়ে যায়।’ চুক্তি অনুযায়ী জাতীয় দলের পাশাপাশি স্ট্রিককে কাজ করতে হবে জাতীয় দলের বাইরের বোলারদের সঙ্গেও৷ কিছু বিষয় তাই ভেবেও রেখেছেন মনে হলো, ‘আমরা কোথা থেকে কাজটা শুরু করব নতুন কোচের (চন্ডিকা হাথুরুসিংহে) সঙ্গে কথা বলে ঠিক করা হবে। প্রয়োজনে আরও বেশি বিনিয়োগের জন্য এবং তরুণ ক্রিকেটারদের অভিজ্ঞতা অর্জনের জন্য বাইরে পাঠাতে রাজি করাতে হবে বিসিবিকে।’
দুই বছরের চুক্তিতে নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে এগোতে চান না। আপাতত চান ৮-১০ জন পেস বোলার খুঁজে বের করতে, ‘আমি নির্দিষ্টসংখ্যক বোলার নিয়ে কাজ করতে চাই। এদের সম্পর্কে আমাকে অনেক বেশি জানতে হবে। বাংলাদেশের খেলোয়াড়দের এত দিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করলেও এখন প্রত্যেককে আলাদাভাবে চেনা প্রয়োজন।’
স্ট্রিকের কাজটা হবে প্রধান কোচ হাথুরুসিংহের অধীনে। সে ক্ষেত্রে দুজনের কোচিং দর্শনে খাপ খাওয়ার একটা ব্যাপার থাকেই। বোলিং কোচের বিশ্বাস, তাতে কোনো সমস্যা হবে না। প্রধান কোচের সঙ্গে মানিয়ে চলার জন্য ভালোই প্রস্তুত দেখাচ্ছে স্ট্রিককে, ‘এখানে আসার পর তাঁর (হাথুরুসিংহে) সঙ্গে সময় কাটাব, আশা করি বোঝাপড়াও ভালো হবে। শুধু খেলোয়াড়েরাই ভালো দল তৈির করে না, কোচিং স্টাফের একতাবদ্ধ হওয়াও জরুির। এই বার্তা আমরা খেলোয়াড়দেরও দিতে চাইব।’
বুলাওয়ের অদূরে ছবির মতো এনথোকোয়েনি সাফারি-রিসোর্ট, স্ত্রী আর তিন সন্তান নিয়ে স্বপ্নের মতো সাজানো হিথ স্ট্রিকের সংসার। এসব ছেড়ে শুধু টাকার জন্য ১৪ হাজার একর জমির মালিক বাংলাদেশে আসেননি বোঝাই যায়। ক্রিকেটের প্রতি দুর্নিবার আকর্ষণই মূল ব্যাপার। স্ট্রিক নিজেও বললেন, ‘যেকোনো কোচই চাইবে বিশ্বকাপের সঙ্গে সম্পৃক্ত হতে। জিম্বাবুয়ের কোচ ছিলাম, ফ্র্যাঞ্চাইজি দলেও কোচ হিসেবে সফল হয়েছি। এখন আন্তর্জাতিক অঙ্গনেও সফল হয়ে কোচ হিসেবে নিজের রেকর্ড সমৃদ্ধ করতে চাই।’ লক্ষ্য পূরণে ব্যবসাপাতি আর পরিবারের কাছ থেকে সরে আসাও সমস্যা নয় জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের কাছে, ‘আমি পেশাদার ক্রিকেটার ছিলাম, এখন পেশাদার কোচ। আমার পরিবার এসবের সঙ্গে অভ্যস্তই।’
এখন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে স্ট্রিক অভ্যস্ত হয়ে উঠতে পারলেই হয়।