বিশ্বকাপে ঘানা-যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়াটা যেন নিয়তিনির্ধারিত! এর আগের দুবারের বিশ্বকাপেও ঘানা মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রের। ২০০৬ জার্মানি বিশ্বকাপে দুই দল পড়েছিল একই গ্রুপে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আলাদা গ্রুপে পড়লেও দেখা হয়ে যায় দ্বিতীয় রাউন্ডেই। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও নিয়তি দুই দলকে ফেলেছে একই গ্রুপে, আজই তাদের দেখা হচ্ছে।
আজ (বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায়) নাতালে দুই চেনা শত্রুর চেনা দ্বৈরথটা যুক্তরাষ্ট্রের জন্য প্রতিশোধের মঞ্চ। আগের দুবারই মার্কিনদের স্বপ্ন ভেঙে দিয়েছে ঘানা। দুবারই জিতেছে ২-১ গোলে। ক্লিন্ট ডেম্পসি-মাইকেল ব্র্যাডলিদের মনে প্রতিশোধের আগুনই জ্বলার কথা। জিতলে প্রতিশোধের সঙ্গে গ্রুপপর্ব পেরোনোর লক্ষ্যে একটা পা ফেলবে যুক্তরাষ্ট্র । ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ জার্মানি ও পর্তুগাল। কাজেই দুই দলের জন্যই তিন পয়েন্ট পাওয়ার বাস্তব সুযোগ আজই। জিতলে বেঁচে থাকবে আশা,
হারলে চুপসে যাবে স্বপ্ন। ডেম্পসি-ব্র্যাডলিরা প্রতিশোধ নিতে পারবেন? নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে ঘানা?
ঘানার কোচ কোয়েসি আপিয়া সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখেন। যদিও মাঠে নামার আগে ঘানা কোচের কণ্ঠে সমীহই ঝরল প্রতিপক্ষের প্রতি, ‘যুক্তরাষ্ট্র খুবই ভালো। ম্যাচটা সহজ হবে না। আমাদের নিশ্চিত করতে হবে, খেলোয়াড়েরা যেন নিজেদের দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারে। আশা করি, কঠিন একটা ম্যাচই উপহার দেব তাদের।’
যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের ঘানা-স্মৃতিটা আবার মধুর। ১৯৯৩ সালে ঘানার বিপক্ষে খেলা একমাত্র প্রীতি ম্যাচে ক্লিন্সমান করেছিলেন জোড়া গোল। জার্মানিও ম্যাচটা জিতেছিল ৬-১-এ। যদিও সেই ঘানা আর এই ঘানার অনেক ব্যবধান। ক্লিন্সমান সেটা জেনেও প্রচণ্ড আত্মবিশ্বাসী, ‘আমরা আমাদের আন্ডারডগ মনে করছি না। আমরা তা নই। আমরা ঘানার কাছ থেকে ম্যাচটা বের করে আনতেই যাচ্ছি, তারাও তাই করবে। ম্যাচটা হবে রোমাঞ্চকর।’ রয়টার্স ও ওয়েবসাইট।