চেনা মঞ্চে প্রথম লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো আর ক্যামেরুন। বিশ্বকাপের প্রায় সাম্প্রতিক নিয়মিত দুটি নাম। কিন্তু এর আগে বিশ্বমঞ্চে তাদের দেখা হয়নি কখনোই। আন্তর্জাতিক ফুটবলেই এই দুটি দেশ মুখোমুখি হয়েছে মাত্র একবার। ১৯৯৩ সালের ২২ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল মেক্সিকো। বিশ্বকাপে দুই দলের আজকের প্রথম সাক্ষাতে জিতবে কারা?
নাতালে বাংলাদেশ সময় রাত ১০টার ম্যাচে যারাই জিতুক, গ্রুপপর্ব পেরোনোর স্বপ্ন উজ্জ্বল হবে তাদের। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ব্রাজিল-ক্রোয়েশিয়া। কাল যারা মুখোমুখি হয়েছিল উদ্বোধনী ম্যাচে। মেক্সিকোর মতো ক্যামেরুনও বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য অন্তত ছুঁয়ে ফেলতে চাইবে। সেদিক থেকে দুই দলেরই লক্ষ্য এক—কোয়ার্টার ফাইনাল। কারণ বিশ্বকাপে দুই দলেরই সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। মেক্সিকোর এই কীর্তি আছে দুবার, দুবারই ছিল স্বাগতিক (১৯৭০ ও ১৯৮৬) । ঘরের বাইরের বিশ্বকাপে উত্তর আমেরিকার দেশটি দ্বিতীয় রাউন্ডই কখনো পেরোতে পারেনি ।
ক্যামেরুন একবারই জায়গা করে নিয়েছিল শেষ আটে। ১৯৯০ ইতালি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে হইচই ফেলে দিয়েছিল রজার মিলার দল। মজার ব্যাপার, নিষেধাজ্ঞার কারণে ওই বিশ্বকাপে মেক্সিকো খেলতেই পারেনি। অবশ্য এর পরের সব কটি বিশ্বকাপে খেলা মেক্সিকো প্রতিবারই পেরিয়েছে গ্রুপপর্ব। প্রতিবারই কাটা পড়েছে দ্বিতীয় রাউন্ডে। অন্যদিকে ১৯৯০ বিশ্বকাপের পর ক্যামেরুন গ্রুপপর্ব পেরোতে পারেনি একবারও।
আফ্রিকার অদম্য সিংহদের সর্বশেষ স্মৃতিটা আরও খারাপ। ২০১০ নিজেদের মহাদেশের বিশ্বকাপে স্যামুয়েল ইতোর ক্যামেরুন হেরেছিল তিন ম্যাচেই। আজ মাঠে নামার পথে তাদের সঙ্গী হবে বিশ্বকাপে সর্বশেষ চার ম্যাচেই হারের স্মৃতি। আজও সে রকম কিছু হলে ইতোদের গ্রুপপর্ব পেরোনোর পথটা একরকম রুদ্ধই হয়ে যাবে। হারলে মেক্সিকোরও গাঢ় হবে ১৯৭৮ বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কা। মেক্সিকানদের জন্য হতাশার ইতিহাস আছে আরও একটা, বিশ্বকাপে আফ্রিকার দেশগুলোকে কখনোই হারাতে পারেনি তারা৷
ইতিহাস দুই দলকেই জয়ের তাড়না দিচ্ছে। তবে একটা কিন্তুও আছে। দুই দলকেই ব্রাজিলের টিকিট পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কনক্যাকাফ অঞ্চলের ‘পরাশক্তি’ মেক্সিকোকে তো নিউজিল্যান্ডের সঙ্গে প্লে-অফ খেলেই আসতে হয়েছে। বসনিয়া-পর্তুগালের কাছে হেরে রাফায়েল মার্কেজ-হাভিয়ের হার্নান্দেজদের প্রস্তুতিপর্বও ভালো কাটেনি। তবে কোচ মিগুয়েল হেরেরা আশাবাদী, ‘জানি কঠিন এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠা কঠিন হবে। তবে আমরা আত্মবিশ্বাসী।’ প্রস্তুতি ম্যাচে জার্মানির মতো পরাশক্তির সঙ্গে ড্র করা ক্যামেরুনও আত্মবিশ্বাসী৷ আর ইতো তো কবেই বলে দিয়েছেন, এবার তাঁদের লক্ষ্য সবাইকে চমকে দেওয়া! রয়টার্স৷