চেনা মাঠে প্রিয় প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিবের এই হাসি কি ব্যাটেও ফুটবে অস্ট্রেলিয়ার বিপক্ষে?  l ফাইল ছবি
সাকিবের এই হাসি কি ব্যাটেও ফুটবে অস্ট্রেলিয়ার বিপক্ষে? l ফাইল ছবি

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতোই। সুপার টেনে উঠলেও চট্টগ্রামে হংকংয়ের কাছে হারের সেই ক্ষত কি আজও ভুলতে পারেন সাকিব-তামিমরা? সুপার টেনে উঠেও দীর্ঘ হলো পরাজয়ের গল্প। ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ। শেষ ম্যাচটি ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ম্যাচের আগের দিন এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর চারদিকে তুমুল আলোচনা। বিষম চাপ নিয়েই মাঠে নেমেছিলেন বাঁহাতি অলরাউন্ডার। চাপের মুখে সাকিবের ব্যাট হেসেছে আগেও, হাসল সেদিনও। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললেন ৫২ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি তাঁর দ্বিতীয় সর্বোচ্চ রান। শুধু অস্ট্রেলীয় বোলারদের নয়, সাকিব যেন জবাব দিতে নেমেছিলেন সমালোচকদেরও! সাকিবের ৬৬ রানের সঙ্গে মুশফিকুর রহিমের ৪৭ রান বাংলাদেশকে দেয় ১৫৩ রানের পুঁজি। বাংলাদেশের বোলারদের ব্যর্থতায় সেই রান অবশ্য অনায়াসেই টপকে গিয়েছিল অস্ট্রেলিয়া।
পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের পরিসংখ্যান যতটা উজ্জ্বল, ছোট দলের বিপক্ষেও ততটা নয়! আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ টি-টোয়েন্টিতে ১৯.৫০ গড়ে সাকিবের রান ৭৮। হল্যান্ডের বিপক্ষে সেটি আরও খারাপ, ৩ ম্যাচে ৫.৬৬ গড়ে ১৭ রান।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেছে শুধু বিশ্বকাপেই। ২০০৭, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের ওই তিন ম্যাচেই ছিলেন বর্তমান দলের দুজন—সাকিব ও মুশফিকুর রহিম। এতে সবচেয়ে বেশি রান সাকিবেরই, ৩ ম্যাচে ৩৬.৬৬ গড়ে ১১০। পাকিস্তান, জিম্বাবুয়ের পরই সবচেয়ে বেশি রান তাঁর অস্ট্রেলিয়ার বিপক্ষেই। পাকিস্তানের সঙ্গে ৯ ম্যাচে ৪১.৭১ গড়ে ২৯২ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ৭ ম্যাচে ৩৭ গড়ে ১৮৫।
আগামী পরশু অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে সাকিব প্রেরণা খুঁজে নিতেই পারেন পরিসংখ্যান থেকে। অতীত রেকর্ডের পাশে সাকিবকে আরও স্বস্তি দেবে ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৫০ রানের ইনিংসটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ইনিংস পর সাকিবের ব্যাট থেকে এল ফিফটি। হাতের গুরুত্বপূর্ণ এক অস্ত্রে ব্যাট হাতে জ্বলে ওঠা দেখে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও খুশি।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামও অচেনা নয় সাকিবের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখানে খেলেছেন ৩ ম্যাচ। পরিচিত মাঠ, ‘প্রিয়’ প্রতিপক্ষ সাকিবের কাছ থেকে আরেকটা বড় ইনিংস দল পেতেই পারে!