চেনা মুখ বলেই জাভির ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরক্ষিত দুর্গে পরিচিত কেউই আততায়ী হয়ে ওঠে। জাভি এই ভয়টাই পাচ্ছেন। অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সার সব অন্ধিসন্ধির খবরই যেহেতু রাখে, কী হয় বলা যায় না!

আজ চ্যাম্পিয়নস লিগে বার্সা-অ্যাটলেটিকো কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ তাই হয়তো রোমাঞ্চেরই পসরা সাজিয়ে রেখেছে। এই মৌসুমে দুই দলের তিন সাক্ষাতে কেউ কাউকে হারাতে পারেনি। বার্সার কাজটা যে কতটা কঠিন, সেটা জাভি ভালোই জানেন।

অথচ আজ রাতের বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি নিয়েই বেশি আলোচনা হতে পারত। গত মৌসুমেও দুই দল মুখোমুখি হলে দুর্দান্ত এক দ্বৈরথের প্রত্যাশাই জাগত। এবারও ‘দুর্দান্ত’ হতে পারে, কিন্তু সেটি শুধু বায়ার্নের দিক থেকেই! ইউনাইটেডের যে অবস্থা, তাতে নিজেদের মাঠে বায়ার্নকে হারিয়ে দিলে সেটিকে বলে দেওয়া যাবে ‘অঘটন’।

ইউনাইটেড কোচ ডেভিড ময়েস অবশ্য দুর্দান্ত বায়ার্নের বিপক্ষে পরাজয়কে নিয়তি মেনে নিশ্চেষ্ট বসে থাকতে চান না, ‘আমরা জানি আমাদের খেলা কতটা কঠিন। ওদের যে সামান্য দুর্বলতা আছে আমরা সেটির সুযোগ নেওয়ার চেষ্টা করব।’

সাত ম্যাচ আগেই বুন্দেসলিগা জিতে পেপ গার্দিওলার বায়ার্ন পুরো মনোযোগী এখন চ্যাম্পিয়নস লিগ ধরে রাখার দিকে। আর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা দূরে থাক, ইউনাইটেডের  হয়তো খেলা হচ্ছে না আগামী চ্যাম্পিয়নস লিগেই।

সেই তুলনায় অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে বার্সা-অ্যাটলেটিকো ম্যাচটিই বেশি প্রতিদ্বন্দ্বিতামুখর  হওয়ার কথা। জাভি তো একটু অস্বস্তিই বোধ করছেন, ‘আমি চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ দলের সঙ্গে খেলতে চাই না। আমি বরং অন্য লিগের কারও সঙ্গেই খেলতে চাইব। অ্যাটলেটিকো আমাদের খুব ভালোই চেনে। তারা আপনাকে সুযোগ বলতে গেলে দেবেই না। তারা খুবই কুশলী। রক্ষণে জমাট, প্রতি-আক্রমণেও ভালো।’

অ্যাটলেটিকো মিডফিল্ডার কোকে অবশ্য কোয়ার্টার ফাইনালে খেলতে পেরেই আপ্লুত, ‘প্রতিদিন তো আপনি কোয়ার্টার ফাইনালে খেলবেন না। আমরা খুবই কঠিন প্রতিপক্ষের সঙ্গে দারুণ দুটি পারফরম্যান্স দেখাতে চাই।’ এএফপি।