চেনা মুখের পাশে এক নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বন্ধু কতবার ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছেন, সেটি মনে করতে পারলেন না মানস চৌধুরী। বন্ধু মাহবুব বিল্লাহই তাঁকে সাহায্য করলেন, ‘কমপক্ষে ২০ বার তো হবেই।’ কালও যেমন ফেডারেশন কাপের পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দেশের সেরা দুই টেবিল টেনিস খেলোয়াড় মানস ও মাহবুব। প্রায় এক বছর পর কোর্টে ফেরা মাহবুবকে অনায়াসেই হারিয়েছিন জাতীয় চ্যাম্পিয়ন মানস, হারিয়েছেন ৪-১ সেটে। ছেলেদের ফাইনালে ঘুরেফিরে চেনা মুখগুলোই দেখা গেলেও মেয়েদের এককের ফাইনালটা হলো নতুনদের মধ্যে। প্রথম শিরোপার স্বাদ পেলেন রাহিমা আক্তার, তিনিও ৪-১ সেটে হারিয়েছেন মিনারা আক্তারকে।
পেশায় দন্তচিকিৎসক মানস কণ্ঠশিল্পী হিসেবে সুখ্যাতি পেয়েছেন। চলচ্চিত্রে প্লেব্যাক করছেন, মিউজিক ভিডিও করছেন। তবে শত ব্যস্ততার ফাঁকেও অনুশীলনটা নিয়মিত চালিয়ে যাচ্ছেন। নতুন মুখ উঠে আসছে না বলে আক্ষেপই ঝরল তাঁর কণ্ঠে, ‘নতুন ছেলেরা কোচিং করছে, লেখাপড়া বাদ দিয়ে অনুশীলন করছে। কিন্তু আমরা সবকিছু সেরেও অনুশীলন করে যাচ্ছি। খেলার প্রতি আমাদের এখনো অনেক টান। এ জন্যই হয়তো কেউ আমাদের টপকাতে পারছে না। দেখা যাচ্ছে না নতুন কাউকে।’ মাহবুব বিল্লাহ সর্বশেষ ফেডারেশন কাপের পর আর কোনো টুর্নামেন্টেই খেলেননি। বাবার মৃত্যু এবং ফেডারেশনের নিষেধাজ্ঞা কাটিয়ে এবার টুর্নামেন্টে নেমে ফাইনালে উঠতে পেরেই খুশি, ‘আমি যে এ পর্যন্ত আসতে পেরেছি এটা ভেবেই ভালো লাগছে। আশা করি, এসএ গেমসের চূড়ান্ত দলেও থাকব।’
অনভিজ্ঞ রাহিমার জন্য এটা যেন স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার, ‘আমি ভাবতেই পারিনি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হব।’ গত দুই মৌসুম ফেডারেশন কাপের ফাইনালে উঠেও ট্রফিটা ছুঁয়ে দেখতে পারেননি। এবার সেই আক্ষেপ ঘোচাতে পেরে খুশি পটুয়াখালীর মেয়ে। বাবা রুস্তম চৌকিদার গ্রামে মুদি দোকানি। বাবার একার উপার্জনে সংসার চলে না। টিটি খেলার সুবাদে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক চাকরি পেয়েছেন রাহিমা। চ্যাম্পিয়ন হওয়ায় নগদ অর্থও কিছু জুটেছে। পটুয়াখালী সরকারি কলেজের এই ছাত্রীর দৃষ্টি আসলে এসএ গেমসে, ‘এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা এসএ গেমসে কাজে লাগবে।’