চেনা রূপে রোনালদো

ফিরেছিলেন গত সপ্তাহেই। কিন্তু চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে সেই ফেরা ঠিক ‘রোনালদোসুলভ’ হয়নি। চার ম্যাচ বাইরে থাকার জড়তা, প্রথমার্ধে একটা গোলের সুযোগ নষ্ট করা, দ্বিতীয়ার্ধে বদলি হয়ে উঠে যাওয়া—আর যা-ই হোক ফিফার বর্ষসেরা ফুটবলারের সঙ্গে মানায় না একদমই।
কার্লো আনচেলত্তিও তা স্বীকার করেছিলেন ম্যাচের পর। ৫০ শতাংশ ফিট রোনালদোকে খেলিয়েছেন বলে অকপটেই জানিয়ে দেন। সে কারণেই হয়তো পর্তুগিজ উইঙ্গারের সেরাটা দেখা যায়নি।
তবে স্বরূপে ফিরতে বেশি দেরি করলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু ওসাসুনার বিপক্ষে চেনা রোনালদোই দেখা দিলেন। শরীরী ভাষায় পুরোনো আগ্রাসন, চোটের জড়তা কাটিয়ে মাঠে আবারও সেই ক্ষিপ্রতা। ফলাফল, ম্যাচের শুরুর দিকে একটা গোল, বিরতির পরে আরও একটা। সঙ্গে ড্যানিয়েল কারভাহাল আর সার্জিও রামোসের আরও দুই গোল মিলিয়ে লা লিগায় ওসাসুনার বিপক্ষে রিয়ালের জয়টা বেশ বড়, ৪-০।
৩৪ ম্যাচে রিয়ালের ৮২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা শীর্ষ দল অ্যাটলেটিকোর চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে দলটি। কাল রাউল গার্সিয়ার একমাত্র গোলে ভ্যালেন্সিয়াকে হারিয়ে শিরোপা জয়ের আরও কাছে ডিয়েগো সিমিওনের দল। তবে লা লিগার হিসাব-নিকাশ শেষ হচ্ছে না এখানেই। শিরোপা জেতা সম্ভব রিয়ালের পক্ষেও। ওটা অবশ্য রিয়ালের জন্য আপাতত একটু দূরের ভাবনা। এ মুহূর্তে রিয়ালের সব মনোযোগ আগামীকাল বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগ। তার আগে রোনালদোর ছন্দে ফেরা মানে আনচেলত্তির অস্ত্রাগার আরও ধারালোই হয়ে ওঠা।
রিয়ালের জন্য যা স্বস্তির, সেটিই হয়তো এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা বায়ার্ন মিউনিখের জন্য। টিভিতে সরাসরি যদি না-ও দেখে থাকেন, পরে ম্যাচের ভিডিও দেখলে কপালে ভাঁজ বেড়ে যাবে বায়ার্ন কোচ পেপ গার্দিওলার। প্রথম লেগে রোনালদো যতক্ষণ খেলেছেন তাতে করিম বেনজেমাকে গোল বানিয়ে দেওয়ায় তাঁর একটা পাস ছাড়া খুব বড় কোনো ভূমিকা ছিল না। এক অর্থে তাই নিষপ্রভ রোনালদোকে নিয়েই বায়ার্নকে হারিয়েছিল রিয়াল। ছন্দে থাকা রোনালদো কত ভয়ংকর সেটি তো গার্দিওলা ভালোই জানেন। রোনালদোর ছন্দে থাকা কতটা জরুরি তা জানেন বলেই যেন ওসাসুনার বিপক্ষে ম্যাচে বেশি ঝুঁকি নেননি আনচেলত্তি। নিজের সেরা তাসকে মাঠ থেকে তুলে নিয়েছেন ৬২ মিনিটে। রিয়াল কোচ পুরো ম্যাচ খেলাননি অ্যাঙ্গেল ডি মারিয়া আর লুকা মডরিচকেও। করিম বেনজেমা আর গ্যারেথ বেলকে তো মাঠেই নামাননি। শেষের দুজনের ক্ষেত্রে কিছুটা চোটের সমস্যা থাকলেও আসল উদ্দেশ্যটা পরিষ্কার। বায়ার্নের বিপক্ষে সেরা এবং সতেজ দল চাইছেন আনচেলত্তি।
রিয়াল কোচ জানেন, গত তিনবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে ফিরেছে রিয়াল। এটি টানা চতুর্থ সেমিফাইনাল। পুরো ফিট রোনালদোকে পেয়ে সেমিফাইনালের গেরো খোলার আশা করতেই পারেন আনচেলত্তি। ওয়েবসাইট।