
এই ম্যাচে আসল প্রতিপক্ষ কে, ইংল্যান্ডের তা ভালোই জানা ছিল। নামেই উরুগুয়ে, আসেল তো সুয়ারেজ। জেনেও কোনো লাভ হলো না। চেনা সুয়ারেজেই সর্বনাশ হলো ইংল্যান্ডের। টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে যাদের কার্যত বিদায়ও লেখা হয়ে গেল।
হাঁটুতে অস্ত্রোপচারের পর সুয়ারেজের বিশ্বকাপে খেলাটাই এক বিস্ময়। তার চেয়েও বড় বিস্ময়, পাঁচ সপ্তাহ পর এমন রূপকথার মতো প্রত্যাবর্তন। অস্ত্রোপচারের কোনো রেশই খুঁজে পাওয়া গেল না তাঁর খেলায়। সেই পুরোনো সুয়ারেজই, যাঁর গোলের পর গোল আলো ছড়িয়েছে গত ইংলিশ প্রিমিয়ার লিগে।
সুয়ারেজের সেই সাফল্য যাদের আনন্দে ভাসিয়েছে, তাঁদের চারজন কাল ইংল্যান্ডের প্রথম একাদশে। লিভারপুলে সুয়ারেজের অধিনায়ক স্টিভেন জেরার্ড এই ম্যাচের আগেও তাঁর উরুগুইয়ান ক্লাব-সতীর্থকে জিনিয়াস বলে রায় দিয়েছেন। কাল বেঞ্চে বসে থাকা চেলসি মিডফিল্ডার ল্যাম্পার্ড মেনে নিয়েছেন, সুয়ারেজের কোনো সমাধান তাঁদের কাছে নেই।
মুখে যত যা-ই বলুন, মাঠেও যে তা এভাবে প্রমাণ হয়ে যাবে, কে জানত! ৩৯ মিনিটে কাভানির ক্রসে হেড করে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন সুয়ারেজ। ৭৫ মিনিট পর্যন্ত ম্যাচে গোল এই একটিই। বিরতির পর ৬ মিনিটের মধ্যেই অবশ্য তিন-তিনবার দ্বিতীয় গোল হাতছানি দিয়ে ডেকেছে উরুগুয়েকে। সুয়ারেজের কর্নার কিকই গোলে ঢুকে যাচ্ছিল, কোনোমতে ঠেকিয়েছেন হার্ট। একটু পরই ফাঁকায় বল পেয়েও সুয়ারেজই মেরেছেন বাইরে, কিছুক্ষণের মধ্যে কাভানিও।
৭৫ মিনিটে ইংল্যান্ডের সমতাসূচক গোলটি এসেছিল যুগল আনন্দের উপলক্ষ হয়ে। বিশ্বকাপে একাদশ ম্যাচে এসে যে শেষ পর্যন্ত গোলের দেখা পেলেন রুনি। কিন্তু সুয়ারেজ তাঁকে উদ্যাপন করতে দিলেন কই!
৮৫ মিনিটে সুয়ারেজ হানলেন মরণশেল। এর তিন মিনিট পরই তুলে নেওয়া হলো তাঁকে। শেষ বাঁশি বাজার পর ইংল্যান্ডের খেলোয়াড়েরা যখন হতাশার প্রতিমূর্তি, সুয়ারেজ তখন সতীর্থদের কাঁধে।