চেনাই গেল না রোনালদিনহোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার নিজেকে আবার শিশু মনে হচ্ছে’—নিওয়েলস ওল্ড বয়েজকে হারিয়ে কোপা লিবার্তাদোরেসের ফাইনাল নিশ্চিত করার পর অ্যাটলেটিকো মিনেইরোর ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো বলেছিলেন কথাটা। পরশু (বাংলাদেশ সময় গতকাল সকাল) ফাইনালের প্রথম লেগে সত্যিই যেন শিশু হয়ে গিয়েছিলেন সাবেক বিশ্বসেরা ফুটবলার। প্যারাগুয়ের অলিম্পিয়া ক্লাবের বিপক্ষে এতটাই বাজে খেলেছেন যে খেলার বয়স ঘণ্টা পেরোতে না-পেরোতেই কোচ উঠিয়ে নিয়েছেন তাঁকে। আর আসুনসিওনে ঘরের মাঠে খেলার সুবিধাটুকু পুরোপুরি কাজে লাগিয়ে তিনবারের চ্যাম্পিয়ন অলিম্পিয়া জিতে গেছে ২-০ গোলে। সেমিফাইনালের প্রথম লেগেও ওল্ড বয়েজের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল মিনেইরো। দ্বিতীয় লেগে ওই ব্যবধান ঘুচিয়ে পরে টাইব্রেকারে জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ২৪ জুলাইয়ের ফাইনালে মিনেইরোর অনুপ্রেরণা হবে এটিই। যদিও মিনেইরোর নিজেদের মাঠে না হয়ে পার্শ্ববর্তী বেলো হরিজন্তের বিশ্বকাপ স্টেডিয়ামে হচ্ছে দ্বিতীয় লেগ।

পরশু অলিম্পিয়া জিতেছে দুই অর্ধের দুটি অসাধারণ গোলে। ২২ মিনিটে উরুগুইয়ান সেন্ট্রাল ডিফেন্ডার আলেহান্দ্রো সিলভা প্রায় মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে পেনাল্টি বক্সের সামান্য বাইরে থেকে গোল করেন। মিডফিল্ডার উইলসন পিত্তোনির ফ্রি-কিক থেকে করা দ্বিতীয় গোলটি হয়েছে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তিন মিনিটে। প্রথম গোলটি করার পর জার্সি খুলে হলুদ কার্ড দেখা সিলভা খেলতে পারছেন দ্বিতীয় লেগে। রয়টার্স।