চেনাতে চান কেভিতোভা
খুব বেশি নয়, পেত্রো কেভিতোভার আজ একটাই চাওয়া—মার্টিনা নাভ্রাতিলোভা যেন ম্যাচের আগে তাঁর মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন।শুধু চাওয়া নয়, কেভিতোভার এটা দাবি। কেভিতোভা নাভ্রাতিলোভার চেক প্রজাতন্ত্রেরই (সাবেক চেকোস্লোভাকিয়া) মেয়ে। মিল শেষ হয়ে যাচ্ছে না এখানেই। নাভ্রাতিলোভার মতো তিনিও বাঁহাতি। ১৯৯০ উইম্বলডনে মেয়েদের এককের ফাইনালে সর্বশেষ বাঁহাতি হিসেবে খেলেছিলেন নাভ্রাতিলোভাই। এর পর আজ কেভিতোভা। ২১ বছর বয়সী চেক মেয়ে এটাও জানালেন, উইম্বলডনের সর্বকালের সর্বোচ্চ নয়বার গ্র্যান্ড স্লামজয়ী নাভ্রাতিলোভাই ছিলেন তাঁর শৈশবের প্রেরণা।যাঁকে দেখে, যাঁর খেলা দেখে দেখে বড় হয়ে ওঠা, সেই মানুষটা যদি সামনে এসে দাঁড়ান, অনুপ্রেরণা দেন, সেটি তো বাড়তি রসদ জোগায়ই। সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে দেওয়ার পর কেভিতোভা বলেওছিলেন, নাভ্রাতিলোভাই তাঁর জন্য সৌভাগ্য বয়ে এনেছেন, ‘লকার রুমে মার্টিনার সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি আমাকে গুডলাক জানিয়ে গেছেন। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না, আমি ফাইনালে উঠেছি। এটাই আমার জীবনের সেরা দিন।’সেই সেরা দিনটাকেও ছাপিয়ে যাওয়া একটা দিন আসতে পারে আজ। যদি শেষ পর্যন্ত প্রথমবার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেই জিতে নিতে পারেন শিরোপা। কিন্তু এর জন্য গ্যালারিতে নাভ্রাতিলোভার উপস্থিতি খুবই জরুরি। এই কিংবদন্তি থাকবেন তো রয়্যাল বক্সে?জীবনের প্রথম বড় ফাইনাল বলে স্নায়ুর চাপ থাকবে। পাঁচ বছর আগে পেশাদার ক্যারিয়ার শুরু করে এখন পর্যন্ত মাত্র চারটি ডব্লুটিএ শিরোপা জিতেছেন বলে অভিজ্ঞতার ভাঁড়ারটিও খুব সমৃদ্ধ নয় কেভিতোভার জন্য। তবে স্নায়ুচাপ বশে রাখতে পারলে আজ শারাপোভার জন্য হুমকি হয়ে উঠবেন নিশ্চিত। ৬ ফুট উচ্চতার কেভিতোভার সবচেয়ে বড় সুবিধা তিনি বাঁ হাতে খেলেন। আর তাঁর আত্মবিশ্বাস হয়ে থাকবে ভালো ফর্ম।এ বছর ধারাবাহিকভাবেই ভালো খেলছেন। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডেও। এবার তো উঠে এলেন ফাইনালেই। এতটাই ভালো খেলছেন, সেমিফাইনালে তাঁর কাছে পরাজয় মেনে নেওয়া আজারেঙ্কা ফাইনালের ফেবারিট হিসেবে বলে দিয়েছেন কেভিতোভারই নাম, ‘আমার মতে, যেকোনো দিন ওর পক্ষে যে কাউকে হারিয়ে দেওয়া সম্ভব। ও আসলেই দারুণ খেলছে।’ এএফপি।