চেন্নাই ও ধোনিকে মিস করব: মুরালি
আগের তিনটি আসরে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে গত বছর দলকে এনে দিয়েছেন শিরোপা। চেন্নাইয়ের সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে! তবে এখন মুত্তিয়া মুরালিধরন এখন আর চেন্নাইয়ের নন। এবারের নিলামে আইপিএলের নতুন দল কোচি তাঁকে কিনে নিয়েছে ১১ লাখ ডলারে। কিন্তু নতুন ঠিকানায় কেমন লাগবে তাঁর? টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির সরল স্বীকারোক্তি, ‘চেন্নাই ও ধোনিকে মিস করব!’মুরালি পিটিআইকে বলেন, ‘আমি তাঁদের সঙ্গে তিনটি বছর কাটিয়েছি। দলটির সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে! আমার স্ত্রীও চেন্নাইয়ের। দল পরিবর্তন হওয়ায় ও খুব কষ্ট পেয়েছে। কিন্তু খেলায় এটি ঘটবেই। আমি চেন্নাই, আমার সতীর্থ ও অধিনায়ক ধোনিকে অনেক মিস করব।’পেশাদার ক্রিকেটার বলে কথা। চেন্নাইকে মিস করলেও মুরালির মন সেখানে পড়ে থাকবে, এটা ভাবলে ভুল হবে। নতুন ঠিকানায় নতুন করে শুরু করবেন জানিয়ে মুরালি বলেন, ‘কোচি নতুন দল। এখানে নতুন অধিনায়ক থাকবে, থাকবে নতুন স্বপ্ন। আমি সত্যিই এসব নিয়ে উত্তেজিত। আমরা নতুন করে শুরু করব। চেষ্টা করব, নিজেদের সেরাটা নিঙড়ে দেওয়ার। আশা করছি, কোচির লোকজন আমার ভাষা (তামিল) বুঝতে পারবে।’