চেন্নাইয়ে লঙ্কান ক্রিকেটারদের ‘না’
ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে আইপিএলের ম্যাচ আয়োজনে আপত্তি নেই মুখ্যমন্ত্রী জয়ললিতার। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কান ক্রিকেটার, আম্পায়ার বা কর্মকর্তা আছেন—এমন কোনো ম্যাচ সেখানে হতে দেওয়া হবে না।হিন্দুস্থান টাইমস-এর খবরে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা চিঠিতে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন জয়ললিতা। চিঠিতে তিনি লিখেন, ‘শ্রীলঙ্কা সরকারের কর্মকাণ্ডে তামিলনাড়ুতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ থাকায় রাজ্য সরকার মনে করে, শ্রীলঙ্কান ক্রিকেটার, আম্পায়ার বা অন্য কর্মকর্তা থাকলে সেই ম্যাচ এখানে অনুষ্ঠিত হতে দেওয়া ঠিক হবে না।’তামিলনাড়ু রাজ্যটি তামিল অধ্যুষিত। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার তামিল টাইগারদের প্রতি তাদের সমর্থন রয়েছে। অন্যদিকে তামিলদের কঠোর হস্তে দমন করায় শ্রীলঙ্কার সরকারের প্রতি রয়েছে তামিলনাড়ুর লোকজনের মধ্যে তীব্র অসন্তোষ। জয়ললিতার আশঙ্কা, চেন্নাইয়ে লঙ্কানরা খেলতে গেলে তাঁদের ওপর হামলা হতে পারে।চিঠিতে জয় ললিতা বলেন, ‘তামিলনাড়ুতে আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি আমরা দেব, তবে আয়োজকদের এটা নিশ্চিত করতে হবে যে শ্রীলঙ্কান কোনো খেলোয়াড়, আম্পায়ার বা কর্মকর্তা এখানকার কোনো ম্যাচের সঙ্গে জড়িত থাকবেন না।’