চেন্নাইয়ের জয়ের লক্ষ্য ১৬৬ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে চেন্নাই সুপার কিংসকে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৩২ বলে ৬৪ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হয়েছেন ভিলিয়ার্স। অধিনায়ক বিরাট কোহলি খেলেছেন ৫৮ রানের দারুণ এক ইনিংস। চেন্নাইয়ের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন ক্রিস মরিস। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোমতো করতে পারেনি বেঙ্গালুরু। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। দ্বিতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয়টা সামলে নেন মায়নাক আগারওয়াল ও বিরাট কোহলি। নবম ওভারে ২৪ রান করে ফিরে যান আগারওয়াল। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। ১৭তম ওভারে কোহলিকে আউট করে চেন্নাই শিবিরে স্বস্তি ফেরান মরিস। একই ওভারে ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের উইকেটটিও তুলে নেন দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি পেসার। এই পর্যায়ে বেঙ্গালুরুর রানের গতি খানিকটা কমে যায়। তবে ১৯তম ওভারে বিধ্বংসী ব্যাটিং করে দলকে ভালো অবস্থানে নিয়ে যান ডি ভিলিয়ার্স। এই ওভারে ২০ রান সংগ্রহ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।