চেন্নাইয়ের প্রধানকে পুলিশের তলব
জুয়াড়িদের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী গুরুনাথ মিয়াপ্পনকে তলব করেছে ভারতের মুম্বাই পুলিশ। আজ শুক্রবার বিকাল পাঁচটার মধ্যে মুম্বাই পুলিশের অপরাধ বিভাগে হাজির হতে বলা হয়েছে মিয়াপ্পনকে। সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছিলেন চেন্নাই-প্রধান। তবে ওই অনুরোধ প্রত্যাখ্যান করে পুলিশ জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই উপস্থিত হতে হবে তাঁকে।মিয়াপ্পনকে তলবের ঘটনা আইপিএলের তো বটেই, ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্যও ‘বিব্রতকর’। কারণ, তিনি ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাতা।ক্রিকইনফোর খবরে বলা হয়, চেন্নাই দলে মিয়াপ্পনের পদবি কী, তা ঠিক স্পষ্ট নয়। বলা হয়, তিনি চেন্নাইয়ের প্রধান। আবার ম্যাচের সময় ‘ডাগ আউটে’ দেখা যায় তাঁকে। আইপিএলের প্রতিটি নিলামেও অংশ নেন তিনি।জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গত মঙ্গলবার বলিউডের অভিনেতা বিন্দু দারা সিংকে গ্রেপ্তার করে মুম্বাইয়ের পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের সময়ই নাকি মিয়াপ্পনের নাম বেরিয়ে এসেছে। পুলিশের যুগ্ম কমিশনার হিমাংশু রায়ও তা নিশ্চিত করেছেন। মিয়াপ্পনকে তলব করার ব্যাপারে তিনি বলেন, ‘বিন্দু দারা সিংকে জিজ্ঞাসাবাদের সময় কিছু বিষয় উঠে গেছে। বক্তব্য যাচাই করার জন্য মিয়াপ্পন ও বিন্দুকে মুখোমুখি করার দরকার হতে পারে। বিন্দুর সঙ্গে যদি মিয়াপ্পনের শুধুই সামাজিক সম্পর্ক থাকত, আমরা অবশ্যই তাঁকে তলব করতাম না।’মিয়াপ্পনকে তলবের ঘটনায় এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তাঁর দল চেন্নাই। তবে এ ব্যাপারে কথা বলেছেন আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মুম্বাই ও দিল্লি পুলিশ যথেষ্ট দক্ষ। কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে তাদের তদন্ত শেষ করতে দিন।’ভারতীয় বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে শ্রীনিবাসনের সরে দাঁড়ানো উচিত কি না, এমন প্রশ্নে শুক্লা বলেন, ‘তদন্ত শেষ হওয়ার আগেই কেন আপনারা কাউকে দোষী সাব্যস্ত করছেন? পুলিশকে প্রতিবেদন জমা দিতে দিন। তখন এ ব্যাপারে কথা বলা যাবে।’স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে এক সপ্তাহ আগে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার শ্রীশান্ত, অজিত চান্ডিলা ও অঙ্কিত চাভানকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পাশাপাশি জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে মুম্বাই পুলিশও। এরই মধ্যে বেশ কয়েকজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধারণা, স্পট ফিক্সিংয়ের পেছনে অপরাধজগতের অনেকেরই হাত রয়েছে। ফিক্সিংয়ের শিকড় যে যথেষ্ট গভীরে, এরই মধ্যে তা স্পষ্ট হয়েছে।