চেন্নাইয়ে তৃতীয় পক্ষ বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নায়ুক্ষয়ী শেষ ওভারে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ, প্রত্যেকের একটি করে জয়। ভারত-পাকিস্তান ম্যাচে যা যা হতে পারে, সবই দেখেছে টি-টোয়েন্টি সিরিজ।২০ ওভারের ক্রিকেটের উত্তেজনা মিলিয়ে যেতে না যেতেই আজ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম প্রস্তুত ১৯৯৯ সালের পর প্রথম ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। শচীন টেন্ডুলকার-পরবর্তী ভারতের প্রথম ওয়ানডে ম্যাচটা দেখতে উন্মুখ হয়ে আছে বিশ্বের কোটি ক্রিকেট অনুরাগী। ম্যাচটা শুরু হওয়ার কথা আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। আয়োজকেরা প্রস্তুত, খেলোয়াড়েরা প্রস্তুত, প্রস্তুত দর্শকও। প্রস্তুত কিন্তু আবহাওয়াও! তবে এই প্রস্তুতি সমস্ত উত্তেজনায় জল ঢালতে।গত শুক্রবার রাত থেকেই চেন্নাইয়ে ঝরছে অঝোর বৃষ্টি। কাল নির্ধারিত অনুশীলন করতে পারেনি দুই দলের কেউই। আবহাওয়া অফিস আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পুরো ৫০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সম্ভাবনা আছে একটি বলও মাঠে না গড়িয়ে ম্যাচটা পরিত্যক্ত হওয়ারও।ওয়ানডেতে ভারত-পাকিস্তান সর্বশেষ খেলেছে মিরপুরে, এ বছরের এশিয়া কাপে; যে ম্যাচটা ক্রিকেট ইতিহাস মনে রাখবে শচীন টেন্ডুলকারের শেষ ওয়ানডে হিসেবে। তবে টেন্ডুলকার অবসরের ঘোষণা না দিলেও ম্যাচটা মনে রাখত ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলির অবিশ্বাস্য ১৮৩ রানেই পাকিস্তানের ৩২৯ রান টপকে আরেকটি ক্ল্যাসিকের জন্ম দিয়েছিল ভারত। ওই ম্যাচের পর খেলা পাঁচ ওয়ানডের চারটিতেই জিতেছে ভারত। আর পাকিস্তান হেরেছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সিরিজ।টেন্ডুলকার নেই, কিন্তু এই ম্যাচ দিয়েই ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটছে যুবরাজের সিংয়ের। শেষ টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৭২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে ভারতকে জেতানো যুবরাজ ২০১১ বিশ্বকাপের পর আর কোনো ওয়ানডে খেলেননি। বিশ্বকাপের সেরা খেলোয়াড় এরপর জয় করেছেন মরণব্যাধি ক্যানসারকেও।শেবাগ, গম্ভীর, কোহলি, যুবরাজ, রায়না খেলছেনই। এঁদের সঙ্গে ভারতকে বেছে নিতে হবে রোহিত শর্মা অথবা অজিঙ্কা রাহানের যেকোনো একজনকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বপ্নের মতো অভিষেক হওয়া পেস বোলার ভুবনেশ্বর কুমারের সঙ্গে ওয়ানডে ক্রিকেটের পরিচয় হয়ে যেতে পারে আজই। পাকিস্তান আজ হয়ে যাচ্ছে মিসবাহ-উল হকের দল। ফিরে আসছেন ইউনুস খানও।এই সিরিজে পাকিস্তানকে তিন ম্যাচেই হারাতে পারলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে যাবে ভারত। কিন্তু বৃষ্টি ও পাকিস্তান কি সেটা হতে দেবে? ওয়েবসাইট।