চেন্নাইয়েও আজ ‘বাংলাদেশের ম্যাচ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাঁ খাঁ গ্যালারি। ভারতের ম্যাচ না হলে গ্যালারিতে নিঃসঙ্গ পড়ে থাকে চেয়ার। আজও চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খালিই পড়ে থাকার কথা বেশির ভাগ আসন। আসলেই কি? অদৃশ্য দর্শক হয়ে গ্যালারির প্রতিটি কোনায়, প্রতি ইঞ্চিতে কি থাকবে না বাংলাদেশের ১৬ কোটি মানুষ? নিঃশব্দ স্লোগান কি উঠবে না ওয়েস্ট ইন্ডিজের নামে। আজ ৩২ কোটি হাত করজোড় প্রার্থনায় নিমগ্ন থাকবে—জয় হোক ক্যারিবীয় ক্রিকেটের!স্বার্থের সুতোয় এমনভাবেই বাঁধা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ। অথচ এই ড্যারেন স্যামির দলই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লজ্জার অধ্যায়টি উপহার দিয়ে গেছে। ৫৮-এর বিভীষিকা জাতীয় শোক হয়ে স্তব্ধ করে দিয়েছিল উৎসবে মাতোয়ারা গোটা দেশকে। সেই ক্যারিবীয়রাই আজ বাংলাদেশের মিত্র। কর্পূরের মতো উবে যাওয়া আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা ইংল্যান্ডকে যেন আজ হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। তাহলে যে আর দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হয় না। নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল!ইংল্যান্ড আজ তাই বাংলাদেশের ‘গণশত্রু’। পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পরশু অনুশীলন করতে পারেননি অ্যান্ড্রু স্ট্রাউস ও দলের প্রধান স্পিনার গ্রায়েম সোয়ান। কত বড় সুখবর হয়ে সেই বার্তা বয়ে আনল বার্তা সংস্থা! স্ট্রাউস দারুণ ফর্মে। বিশ্বকাপে এখন পর্যন্ত ২৯৮ রান। ৯ উইকেট নেওয়া সোয়ান দলের সর্বোচ্চ উইকেটশিকারিও। এই দুজনের না থাকা মানে তো আরও তলানিতে চলে যাওয়া ইংল্যান্ডের আত্মবিশ্বাস।সেদিক দিয়ে দেখলে বাংলাদেশি সমর্থকদের জন্য এটি ছিল সুসংবাদ। যদিও সেটি গতকাল হয়ে গেল দুঃসংবাদ—দুজনেরই আজ খেলার কথা। অবশ্য এর মধ্যে একটা সুখবরও আছে। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া আজমল শেহজাদ আজ নাও খেলতে পারেন।সেরা একাদশে জেমস অ্যান্ডারসনও হয়তো আজ থাকবেন না। ইংল্যান্ডকে অ্যাশেজ জেতাতে বড় ভূমিকা রাখা এই পেসারের অবশ্য শারীরিক কোনো সমস্যা নেই। সমস্যা তাঁর নখদন্তহীন বোলিং। ৫ ম্যাচে সাকল্যে ৪ উইকেট। বোলিং গড় (৭০.৫০), ইকোনমি রেট (৬.৫৫) দুটোই খারাপ। তাঁর পরিবর্তে আজ বাঁচা-মরার এই লড়াইয়ে ইংল্যান্ড নামিয়ে দিতে পারে ক্রিস ট্রেমলেটকে।কাল বিকেল পর্যন্ত সেরা একাদশ নিয়ে ইংল্যান্ড যখন এমন সিদ্ধান্তহীনতায়, সেই সময় ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে সুখবর। চোট সেরে পুরো ফিট হয়ে উঠেছেন ক্রিস গেইল। সব মিলে মনে হচ্ছে, ইংল্যান্ডই কোণঠাসা। এই বিশ্বকাপে দুটো বড় অঘটনের শিকার হয়েছে তারাই। আয়ারল্যান্ডের পর হেরেছে বাংলাদেশের কাছেও। দুদলের যে চেহারা, তাতে কাইরন পোলার্ড তো কোনো রাখঢাক না রেখেই বলে দিয়েছেন, ‘এ ম্যাচে আমরা ফেবারিট।’পরিসংখ্যান অবশ্য সাম্প্রতিক লড়াইয়ের হিসাব থেকে অন্য রকম ধারণা দেবে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ পাঁচ ওয়ানডের চারটিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ, অন্য ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়েও বহু ক্রোশ এগিয়ে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে ইংলিশদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র জয়টি সেই ১৯৭৯ বিশ্বকাপের। এই দলের অনেকেরই তখন জন্ম হয়নি।তবে পরিসংখ্যান সব নয়। কিছু কিছু ক্ষেত্রে পরিসংখ্যান তো একদমই নিরেট মূর্খ। পরিসংখ্যানে তো আর লেখা নেই, ইংল্যান্ডের এই দলটা সেই অক্টোবর থেকেই দেশের বাইরে। শেষ প্রাণশক্তিটুকুও যেন শুষে নিয়েছে নিষ্ঠুর বিশ্বকাপ। কাল স্যামি তো কৌতুক করেই বললেন, ‘কে জানে, ওদের দলের কেউ কেউ হয়তো বাড়িতে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে।’স্যামি যতই ঠাট্টা করুন, ইংল্যান্ড দলের ফিটনেস-সমস্যার কারণ খুঁজে ফিরছে ইংলিশ মিডিয়া। ব্রড-পিটারসেনের বিশ্বকাপই তো শেষ হয়ে গেল। সোয়ান-স্ট্রাউসদের মতো টুকটাক সমস্যায় নিয়মিতই কেউ না কেউ পড়ছেন। তবে স্ট্রাউস দাবি করছেন, ‘দীর্ঘদিন থেকে দেশের বাইরে থাকলেও ক্লান্তি ব্যাপারটি আমাদের মাথাতেই নেই। আমাদের সামনে সম্ভাব্য আর চারটি ম্যাচ। এর পরই তো লম্বা একটা ছুটি।’সেই ছুটি আজকের ম্যাচের পরও পেয়ে যেতে পারে ইংল্যান্ড!