চেলসি-ইউনাইটেড মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে আরেকটি রোববার, আসছে আরেকটি মহারণ। রোববারের এই মহারণে মুখোমুখি দুই ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। মৌসুমটা আছে এখনো প্রাথমিক পর্যায়েই, তার পরও বলা যায় এই ম্যাচটাই হয়তো গতিপ্রকৃতি নির্ধারণ করে দেবে ইংলিশ প্রিমিয়ার লিগের।স্ট্যামফোর্ড ব্রিজে ইউনাইটেডকে আতিথেয়তা দেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি। ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টারের দুই ক্লাবের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে রোমান আব্রামোভিচের দল। জিতলে অন্তত ইউনাইটেডকে ঘাড়ের কাছ থেকে ছিটকে ফেলা যাবে। হারলে পুরোপুরিই উন্মুক্ত হয়ে যাবে লিগটা।চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে বিপরীত অভিজ্ঞতা হয়েছে দুই দলের। পর্তুগিজ ক্লাব ব্রাগার বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড। চেলসি ১-২ গোলে হেরে গেছে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের কাছে। চেলসির বিপদটা বাড়িয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ওই ম্যাচের ১৮ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া এই ইংলিশ মিডফিল্ডারকে রোববারও না-ও পেতে পারে চেলসি। বর্ণবাদ-বিতর্কে চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া অধিনায়ক জন টেরি তো নেই-ই।চোট বা নিষেধাজ্ঞা নিয়ে কোনো সমস্যা নেই স্যার আলেক্স ফার্গুসনের। তবে স্বস্তি নেই তাঁরও। রক্ষণভাগটা যে ভোগাচ্ছে অনেক। ম্যাচের শুরুর দিকে হুটহাট গোল খেয়ে পিছিয়ে পড়াটাকে অভ্যাস বানিয়ে ফেলেছে ইউনাইটেড। গত ১২ ম্যাচের আটটিতেই প্রথম গোল খেয়েছে। হতভম্ব ফার্গুসন কোনো কারণই খুঁজে পাচ্ছেন না রক্ষণের এই ভঙ্গুরতার। ফার্গুসনের সমস্যা আছে আক্রমণভাগ নিয়েও। তবে সমস্যাটির আগে ‘মধুর’ শব্দটি যোগ করে দেওয়াই যায়। কাকে রেখে কাকে খেলাবেন, ইউনাইটেড কোচ ভুগছে সেই সিদ্ধান্তহীনতায়। রবিন ফন পার্সি, ওয়েইন রুনি ও ড্যানি ওয়েলবেকরা ভালোই খেলছিলেন। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে ২ গোল করে মেক্সিকান হাভিয়ের হার্নান্দেজও জানান দিলেন, তাঁকে মূল একাদশের বাইরে রাখা ঠিক হচ্ছে না। ফার্গুসনও তা মানছেন, ‘সে আমাকে একটা সমস্যা উপহার দিয়েছে। তবে এ রকম সমস্যা মন্দ কী!’চেলসির বিপক্ষে শেষ পাঁচটি ম্যাচের কোনোটিই হারেনি ইউনাইটেড। লিগে দুই দলে সর্বশেষ ম্যাচটা মর্যাদা পেয়েছে চিরায়ত লড়াইয়ের। ওই ম্যাচটা ৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্র করেছিল ইউনাইটেড। চেলসি গোলরক্ষক পিওতর চেক মনে করছেন রোববারও গোল-উৎসব হবে। ল্যাম্পার্ড না খেললে চেলসি অধিনায়কের আর্মব্যান্ডটা উঠছে চেকের হাতেই।