চেলসি-করিন্থিয়ানস ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালটা হবে চেলসি ও করিন্থিয়ানসের মধ্যে, এমনটাই ধরে নিয়েছিল সবাই। হচ্ছেও তা-ই। মিসরের আল-আহলিকে হারিয়ে পরশুই ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের করিন্থিয়ানস। কাল জাপানের ইয়োকোহামায় মেক্সিকোর মন্তেরেইকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল ইংলিশ ক্লাব চেলসিও। ১৬ ডিসেম্বর ইয়োকোহামায় ফাইনালে খেলবে ইউরোপিয়ান ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা। ওই দিনই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আল-আহলি ও মন্তেরেই।মহাদেশীয় প্রতিযোগিতায় কালই অভিষেক হয়েছে চেলসির। ১৭ মিনিটে ক্লাব বিশ্বকাপে দলটির প্রথম গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। প্রথমার্ধের প্রায় পুরোটা জুড়েই প্রাধান্য দেখালেও এই একটিই গোল চেলসির। বিরতির পর প্রথম তিন মিনিটেই অবশ্য স্কোরলাইন ৩-০ করে ফেলে ইউরোপের প্রতিনিধিত্ব করা দলটি। দ্বিতীয়ার্ধ শুরুর ১৫ সেকেন্ডের মাথায় গোল করেন ফার্নান্দো তোরেস। এ নিয়ে চেলসির জার্সি গায়ে শেষ তিন ম্যাচে পাঁচ গোল হয়ে গেল স্প্যানিশ স্ট্রাইকারের। মিনিট তিনেক পরই মন্তেরেইর দারভিন চাভেজের আত্মঘাতী গোল ম্যাচের ফল নিয়ে শেষ সংশয়টুকুও উড়িয়ে দেয়। ম্যাচের যোগ করা সময়ে আলদো ডি নিগ্রিসের গোলে শুধু সান্ত্বনাই পেয়েছে মন্তেরেই। এএফপি, রয়টার্স।