চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে অ্যাশলি কোল!
ইংলিশ ডিফেন্ডার অ্যাশলি কোলের নতুন ঠিকানা হতে যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যু। অচিরেই চেলসির এই খেলোয়াড় নাকি রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করতে যাচ্ছেন। আজ বুধবার ব্রিটেনের দ্য সান পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।পত্রিকাটি আরও জানিয়েছে, চেলসির সাবেক কোচ হোসে মারিনহো আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। মারিনহোর একজন প্রিয় খেলোয়াড় হিসেবে কোল তাঁর সাবেক কোচের প্রস্তাবে সাড়া দিয়েই বার্নাব্যুতে নাম লেখাচ্ছেন।স্পেনের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক, যিনি একইসঙ্গে রিয়াল মাদ্রিদেরও অধিনায়ক সেই ইকার ক্যাসিয়াস জানিয়েছেন, ‘অ্যাশলি কোল বার্নাব্যুতে আসছেন—এমন একটা খবর আমি শুনেছি। এটা নিয়ে আমি সতীর্থদের সঙ্গেও আলাপ করেছি। আশা করি কোলের সঙ্গে দ্রুতই চুক্তি সেরে ফেলবে রিয়াল।’ইংলিশ ক্লাব চেলসি ছাড়া কোলের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন ক্যাসিয়াস। তিনি বলেন, ‘আমার মনে হয় চেলসি ত্যাগ করে বার্নাব্যুতে এলে তা হবে কোলের ক্যারিয়ারের জন্য অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত।’২০০৬ সালে মারিনহো চেলসির কোচ থাকাকালে অ্যাশলি কোল আর্সেনাল ছেড়ে স্টামফোর্ড ব্রিজের এই ক্লাবটিতে যোগ দেন। সম্প্রতি স্ত্রী শ্যারলের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তিনি ইংলিশ ট্যাবলয়েডগুলোর মুখরোচক পরিবেশনে পরিণত হন। কিছুদিন আগে কোলের একটি মন্তব্যে ইংল্যান্ডজুড়ে বিতর্কের ঝড় ওঠে। বিতর্কে জর্জরিত কোল বলেছিলেন, তিনি ইংল্যান্ড ও এর জনগণকে ঘৃণা করেন। সব মিলিয়ে ইংল্যান্ডে থাকা ও খেলাটা কোলের জন্য হয়ে উঠেছে যথেষ্টই অসহ্যকর।এদিকে রিয়াল অধিনায়ক ক্যাসিয়াস বলেছেন, তিনি ইংল্যান্ড থেকে কোলের স্পেনে খেলতে আসা নিয়ে যথেষ্টই কৌতূহলী। ক্যাসিয়াস বলেছেন, ‘এটা ঠিক যে এটাই হয়তো হবে কোলের ক্যারিয়ারের শেষ চুক্তি। আমার মনে হয়, হোসে মারিনহোর অধীনেই কোল ভালো থাকবেন। মারিনহো কোলকে খুব ভালো বুঝতে পারেন। মারিনহোর অধীনেই কোল বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক হিসেবে নিজেকে গড়েছেন।’ —দ্য সান