চেলসি-বার্সেলোনার চ্যালেঞ্জ
এবারের লিগটা হবে উন্মুক্ত—ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন এ কথাটি বলেছিলেন লিগের গোড়ার দিকে। ইংলিশ লিগের অবস্থা শুরুতে যেমন ছিল, তাতে প্রায় সবাই হয়তো সহমতই ছিলেন তাঁর সঙ্গে। কিন্তু লিগ যত এগিয়েছে, শিরোপা লড়াইটা বরাবরের মতো ছোটই হয়ে এসেছে। এখন তো বলতে গেলে লড়াইটা ম্যানইউ আর চেলসিরই। এই দুই দলের মধ্যে জয়ী হবে কারা? এভারটন স্ট্রাইকার লুই সাহার বাজি ম্যানইউর পক্ষে, ‘আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কে শিরোপা জিতবে, আমার তো এভারটনের কথা বলতেই ভালো লাগবে। কিন্তু এটা তো আর ঘটছে না। আমার কাছে মনে হচ্ছে, এবারও ম্যানইউ শিরোপা জিতবে।’লুই সাহা ম্যানইউতে খেলেছেন। তবে শুধু পুরোনো জার্সির টানেই এ কথা তিনি বলেননি। ম্যানইউ, চেলসি দুই দলের বিপক্ষে খেলেছে তাঁর এভারটন। ওই ম্যাচগুলোতে দুই দলকে দেখে যা মনে হয়েছে, সেটাই বলেছেন সাহা। চেলসির বিপক্ষে গত বুধবারেই খেলেছেন। তাঁর জোড়া গোলে চেলসির বিপক্ষে ২-১ গোলে জিতেছেও এভারটন। চেলসির খেলা তো তাঁর চোখে এখনো লেগেই আছে। তবে ম্যানইউ জিতলেও শিরোপা লড়াইটা শেষে খুব জমে উঠবে বলেই মনে করেন তিনি, ‘চেলসিও খুব শক্তিশালী দল। আমার মনে হয়, এই দুই দলের খুব কঠিন লড়াই-ই হবে।’এদিকে চেলসি শিবিরজুড়ে ঘুরে বেড়াচ্ছে একটি দুশ্চিন্তার বাতাস। এভারটনের বিপক্ষে বুধবারের ওই ম্যাচে চোট পেয়েছেন ডিফেন্ডার অ্যাশলি কোল। পরশু খবর এসেছে—তাঁর বাঁ অ্যাঙ্কেলের এই চোট মাঠের বাইরে রাখবে তাঁকে প্রায় তিন মাস। মৌসুমের এমন সময়ে এসে দলের অন্যতম সেরা ডিফেন্ডারের এই চোট কিছুটা হলেও দুশ্চিন্তার ভাঁজ এঁকে দিয়েছে চেলসি কোচ কার্লো আনচেলত্তির কপালে। তবে ফ্লোরেন্ত মালুদা এটিকে বড় ধাক্কা বলতে নারাজ। দিব্যদৃষ্টিতে যেন তিনি দেখতে পাচ্ছেন, এটি হবে চেলসির বছর! তাই নিঃশঙ্কচিত্তে বলে দিচ্ছেন, ‘আমরা এখনো শীর্ষে আছি (ম্যানইউর চেয়ে ১ পয়েন্ট বেশি। ২৬ ম্যাচে চেলসি ৫৮, ম্যানইউ ৫৭)। এই বছরটা আসলে আমাদেরই হবে।’স্প্যানিশ লিগেও লড়াইটা দুই দলেরই। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের। তবে অন্তত আগামীকাল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি নিয়ে চেলসি খেলোয়াড়দের মতো নিঃশঙ্ক হতে পারছে না বার্সেলোনা। এই ম্যাচের আগে তাদের রক্ষণভাগ একেবারেই নড়বড়ে হয়ে পড়েছে। কার্লোস পুয়োল, গাব্রিয়েল মিলিতো, ক্যারেলিনো ম্যাক্সওয়েল থাকলেও এই ম্যাচে পেপ গার্দিওলা পাচ্ছেন না জেরার্ড পিকে, রাফায়েল মার্কেজ, এরিক আবিদাল, দানি আলভেজ, দিমিত্রো চিগ্রনস্কি ও ইয়াইয়া তোরেকে। মার্কেজ ও পিকে আছেন লাল কার্ডের নিষেধাজ্ঞায়, আবিদাল, চিগ্রনস্কি ও তোরে মাঠের বাইরে ইনজুরির কারণে। রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ পয়েন্টের ব্যবধান টিকিয়ে রাখতে আগামীকাল অ্যাটলেটিকোর চ্যালেঞ্জ উতরাতে একটা নতুন রক্ষণবর্ম তৈরি করতে হবে বার্সেলোনাকে। এএফপি।