চেলসি বায়ার্নের পর ইন্টারও
প্রথমে চেলসি, এর পর বায়ার্ন মিউনিখ। পরশু দুই দৈত্য ক্লাবই জিতে নিল ‘ডাবল’। কাপের পাশাপাশি জিতেছে লিগ শ্রেষ্ঠত্বের মুকুট। কাল এই দুই ক্লাবের পাশে নাম লেখাল ইন্টার মিলানও। শিরোপা নির্ধারক হয়ে ওঠা ইতালিয়ান লিগের শেষ ম্যাচে ইন্টার ডিয়েগো মিলিতোর একমাত্র গোলে হারাল সিয়েনাকে। শিয়েভোর বিপক্ষে ২-০ গোলে জিতেও তাই লাভ হলো না রোমার। ২ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে থেকেই শেষ করতে হলো রোমাকে। ইন্টারের এটি টানা পঞ্চম লিগ শিরোপা।চেলসি লিগ শিরোপা নিশ্চিত করেছিল আগেই। পরশু এফএ কাপে পোর্টসমাউথকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ করেছে ডাবল। বার্য়ানের ঘটনাও একই রকম। লিগ শিরোপা তাদের নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। পরশু ভের্ডার ব্রেমেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জার্মান কাপ জিতেছে লুই ফন গলের দল। রোবেন, অলিচ, রিবেরি আর শোয়েনস্টেইগার চারটি গোল করে জানিয়ে দিয়েছেন, ২২ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের জন্য তারা প্রস্তুত। ওই ম্যাচে বায়ার্ন মুখোমুখি হচ্ছে ইন্টারের। ফলে এই দুই দলের সামনেই সুযোগ থাকছে এক মৌসুমে শিরোপাত্রয়ী জেতার বিরল কীর্তি গড়ার।চ্যাম্পিয়নস লিগ থেকে চেলসি বিদায় নিয়েছে আগেই। পরশু ডাবল জয়ের ইতিহাস গড়ার আনন্দে কি সেই আক্ষেপ ভুলে গেছেন রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ? ভুলেছেন কি ভোলেননি, সেটা বলা মুশকিল। তবে আনচেলত্তি ঠিকই মনে রেখেছেন এ-যাত্রা ডাবল জয়ের কারণে বেঁচে গেলেও চেলসিতে স্থায়ী হতে হলে তাঁকে আসলে স্টামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগ শিরোপা আনতে হবে।টানা দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর পরও হোসে মরিনহোর চাকরি গেছে তো চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতায়। আব্রামোভিচের ইউরোপ-সেরার মুকুট পরার শখ যে সেই শুরু থেকে, এটা এখন আর কারও অজানা নয়। তাই হয়তো সপ্তম ইংলিশ ক্লাব হিসেবে লিগ ও এফএ কাপ ডাবল জয়ের পরও আনচেলত্তি বললেন, ‘আমি আসলে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই।’সেই চাওয়া তাঁর অন্তত এই মৌসুমে পূরণ হচ্ছে না। তবে মরিনহোর সামনে সুযোগ এসেছে আব্রামোভিচকে কষে একটা পাল্টা জবাব দেওয়ার। এই সুযোগ করে দেওয়ার জন্য মরিনহো মিলিতোর কাছে খুবই কৃতজ্ঞ। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের একমাত্র গোলে রোমাকে ইতালিয়ান কাপের শিরোপা বঞ্চিত করেছিল ইন্টার। সেই মিলিতোই ৫৭ মিনিটে এই মৌসুমে তাঁর ২৯তম গোল করে আবারও ত্রাতার ভূমিকায়। পরশু চেলসিকে কিন্তু লড়াই করতে হয়েছিল ভাগ্যের বিপক্ষেও। চেলসির একের পর এক শট যখন বারে লেগে ফিরে আসছিল। অবশেষে ৫৯ মিনিটে দ্রগবার গোল। এএফপি, ওয়েবসাইট।