চেলসি মাঠে চুরি!
চেলসির অনুশীলন মাঠে চুরি! এ মাসের শুরুতে ইউরোপীয় চ্যাম্পিয়ন চেলসির কবহ্যাম অনুশীলন মাঠে সংঘটিত চুরি বিষয়ে এত দিনের গোপনীয়তা ভাঙলেন খোদ চেলসি কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, এই চুরির ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা।এ মাসের শুরুর দিকে কবহ্যাম মাঠে খেলোয়াড়দের লকার রুম প্রায় খালি করে দিয়ে যায় চোরের দল। তবে এতে তারকা খেলোয়াড়দের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চেলসি ফুটবল একাডেমির তরুণ খেলোয়াড়েরা।চেলসির একজন মুখপাত্র বলেন, এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ থেকে যা বোঝা যাচ্ছে তা হলো, চোরেরা প্রায় সবাই বাইরের লোক। এই চুরির ঘটনায় খোয়া যাওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে মানিব্যাগ, বেশ কিছু মোবাইল ফোন ও বিভিন্ন প্রসাধনী।চেলসির অনুশীলন মাঠে বহিরাগত অনুপ্রবেশের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত বছর খেলোয়াড়দের লকার রুমে একটি রহস্যজনক ছুরি খুঁজে পাওয়া গিয়েছিল। মাঠে অনুশীলনের সময় ছোড়া ধূম্র বোমার ভয়ে কবহ্যাম ত্যাগ করেছিলেন ফুটবলার জ্যাকব মিলিস। ইএসপিএন।