চেলসি-লিভারপুলের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ কার্লিং কাপের তৃতীয় রাউন্ড পরশু রাতে দেখল অঘটন। লিভারপুলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারাল তৃতীয় বিভাগের দল নর্দাম্পটন। লিভারপুল নিজেদের মাঠে এমন পরাজয়ে হতবাক। তবে স্টামফোর্ড ব্রিজ ছিল আরও বড় চমকের অপেক্ষায়, নিজেদের মাঠে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে নিউক্যাসল। ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য হারেনি, তবে ছোট দল স্কানথর্পর তাদের বিপক্ষে লড়েছে দুর্দান্ত। ম্যানইউর জয়টা ৫-২ গোলে। অঘটনের শিকার হওয়ার পর দুই দলের প্রতিক্রিয়া দুই রকমের। চেলসি কোচ কার্লো আনচেলত্তি বলেছেন তিনি হতাশ নন। কিন্তু লিভারপুলের কোচ ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে। আগামীকাল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচ আছে চেলসির। এ কারণেই মূল দলের অনেককে বিশ্রাম দিয়ে অপেক্ষাকৃত অনভিজ্ঞ একটি দল মাঠে নামিয়েছিলেন চেলসি কোচ। তরুণ প্যাট্রিক ফন আনহল্টের গোলে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু নাইল রেঞ্জার, রায়ান টেলর ও সোলা অ্যামেওবির গোলে চেলসিকে ৩-১ গোলে পেছনে ফেলে নিউক্যাসল। বিশ্বকাপে ফ্রান্স দল থেকে বহিষ্কৃত নিকোলাস আনেলকার জোড়া গোলে ম্যাচে ফিরেছিল চেলসি। কিন্তু অ্যামেওবি তাঁর দ্বিতীয় গোল করে জয় এনে দেয় নিউক্যাসলকে। তিনজন খেলোয়াড় পরিবর্তন করে ফেলার পর চেলসির ইয়সি বিনায়ুন চোট নিয়ে মাঠ ছাড়েন। এ কারণে শেষ দিকে ১০ জনকে নিয়েই খেলতে হয় চেলসিকে। তা যে কারণেই কার্লিং কাপ থেকে বিদায় ঘটুক, চেলসি কোচের এ নিয়ে কোনো আক্ষেপ নেই, ‘কার্লিং কাপ আমাদের অগ্রাধিকারে নেই। তার পরও আমরা জিততেই চেয়েছিলাম, কিন্তু হেরে হতাশ নই। তবে দল যে ভালো খেলেছে এতে আমি খুশি। বিশেষ করে ১-৩ গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ম্যাচে ফিরেছে আমার খেলোয়াড়েরা।’লিভারপুল কোচের অবশ্য এই বিলাসিতা দেখানোর উপায় নেই। চ্যাম্পিয়নস লিগ তো আগেই গেছে। লিগেও বাজে অবস্থা। রয় হজসন চেয়েছিলেন কার্লিং কাপে ভালো করতে। সেটাও হলো না। তাই মন ভালো নেই লিভারপুল কোচ হজসনের, ‘কার্লিং কাপটা আমরা জিততে পারতাম। খেলছিলামও নিচু সারির দলের সঙ্গে। তবে কী আর করা। নর্দাম্পটনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার কাছে ক্ষমা চাইছি।’কার্লিং কাপে পরশু অঘটন আছে আরও। ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ব্রমউইচ। এএফপি।