চ্যাম্পিয়নস লিগে খেলানোর জন্য লিগের ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেন কোচরা। হোসে মরিনহো চাইলে উল্টোটা করতে পারেন। আগামী রোববার স্প্যানিশ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের ৩ নম্বর দল ভ্যালেন্সিয়া। ওই ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ কোচ বিশ্রাম দিয়ে রাখতে পারেন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের!মরিনহো এই বিলাসিতা দেখাতে পারবেন প্রথম লেগেই কার্যত অ্যাপোয়েল নিকোসিয়াকে বিদায়বার্তা শুনিয়ে দেওয়ায়। নিজেদের মাঠে ৩-০ গোলে পরাজয়ই আসলে এবার চ্যাম্পিয়নস লিগে সাইপ্রাসের ক্লাবটির রূপকথা-যাত্রা প্রায় শেষ করে দিয়েছে। ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। কিন্তু দাঁড়াতে গেলে যে মেরুদণ্ড লাগে, সেটাই তো ভেঙে গেছে অ্যাপোয়েলের।অনেকেই তাই মরিনহোকে সেমিফাইনাল নিয়ে ভাবার পরামর্শ পর্যন্ত দিয়েছেন। সেটা মরিনহো হয়তো ভাবতে শুরুও করেছেন। কেন করেছেন, সেটি এই পরিসংখ্যান থেকেই জেনে নিন: ম্যাচটা টাইব্রেকারে নিয়ে যেতে চাইলেও অ্যাপোয়েলকে ৩-০ গোলে জিততে হবে। কিন্তু এই মৌসুমে নিজেদের মাঠে রিয়ালকে ৩ গোল দিয়েছে শুধু সেরা ফর্মের বার্সেলোনা। রিয়াল একটি গোল ফিরিয়েও দিয়েছিল। ফলে ৩ গোলের ব্যবধানে নিজেদের মাঠে কোনো ম্যাচই হারেনি রিয়াল।তার পরও মার্সেলো বলছেন, অ্যাপোয়েলকে অনেক সমীহ করেই মাঠে নামবেন তাঁরা, ‘অ্যাপোয়েল যে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে, সেটিই প্রমাণ করে ওরা মোটেও দুর্বল দল নয়। ওরা লিওঁর মতো দলকে হারিয়ে এ পর্যন্ত এসেছে। ফলে ওদের সমীহ করতেই হবে।’রিয়াল ডিফেন্ডারকে অবশ্য আজকের ম্যাচ পেরিয়ে ‘সামনে’র দিকেও তাকাতে হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি স্বীকারও করলেন, রিয়াল এবার শিরোপার অন্যতম দাবিদার। তবে একটা ‘কিন্তু’ও যোগ করেছেন, ‘যে টুর্নামেন্টেই খেলুক না কেন, মাদ্রিদকে বরাবরই ফেবারিট ধরতে হবে। তবে এবার চ্যাম্পিয়ন হতে গেলে এখনো অনেকটা পথ হাঁটতে হবে আমাদের।’ যেটা তাঁর ধাতে নেই, সেই মরিনহোও যেন খানিকটা কূটনীতিক, ‘ভণ্ডামি করতে চাই না। হ্যাঁ, আমরা ৯০ শতাংশ জিতেই ফেলেছি। তবে এখনো ১০ শতাংশ বাকি। আর ফুটবলে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।’মরিনহোর শেষ কথাটাই দলের খেলোয়াড়দের বোঝাতে চাইছেন চেলসিতে তাঁরই উত্তরসূরি রবার্তো ডি মাত্তেও। ইতালিয়ান এই কোচ দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ানো চেলসির সামনেও শেষ চারে ওঠার হাতছানি। প্রথম লেগে বেনফিকাকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে আসা চেলসি নিজেদের মাঠে অবশ্যই ফেবারিট। ডি মাত্তেও অবশ্য ফেবারিট-তত্ত্বও মানতে নারাজ, ‘আমাদের সতর্ক থাকতেই হবে। কেবল ৫০ শতাংশ কাজ হয়েছে। কারণ, শেষ পর্যন্ত একটা জয় নির্ধারিত হয় দুটো লেগ মিলিয়েই।’আগের জয়টা ন্যূনতম ব্যবধানে এসেছে বলেই ভয় কোচের, ‘আমাদের ভালো খেলতেই হবে। কারণ, বেনফিকা অ্যাওয়ে ম্যাচে খুবই শক্তিশালী দল। তারা গোলও করতে পারে। ফলে আমাদের আত্মতৃপ্তির কোনো জায়গা নেই।’৪ মার্চ দায়িত্ব নেওয়ার পর আট ম্যাচের ছয়টিই জিতিয়েছেন। হার মাত্র একটিতে। ডি মাত্তেও খুব দ্রুতই দলের লাগাম যে ধরতে পেরেছেন, এই তথ্যে তা পরিষ্কার। তাঁর অধীনে নীল দলকে উজ্জীবিতও দেখাচ্ছে। সিনিয়রদের আস্থায় আনতে না পারাই ছিল ভিলাস-বোয়াসের ব্যর্থতা। আর ডি মাত্তেওর এমনই জাদু, প্রথম লেগে বসে থাকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ড বলছেন, দলের সমন্বয়ের স্বার্থে আজও বসে থাকতে তিনি প্রস্তুত! এএফপি, রয়টার্স।