চেলসিই এখন ফেবারিট: গার্দিওলা
কাদম্বিনী মরিয়া প্রমাণ করেছিলেন তিনি মরেননি। চেলসির কাছে হেরে বার্সেলোনা প্রমাণ করল, হোসে মরিনহোসহ যাঁরা চেলসিকে বার্সার জন্য সহজ প্রতিপক্ষ ভেবেছিলেন, তাঁরা কতটা ভুল ভেবেছিলেন। পরশু ম্যাচ শেষে পেপ গার্দিওলা আবারও বললেন, ‘একটা দল শক্তিশালী না হলে গত নয় বছরের ছয়বারই সেমিফাইনালে উঠে আসে না।’শুধু তা-ই নয়, বার্সা কোচের দাবি, প্রথম লেগ জেতার পর চেলসিই এখন ফেবারিট, বার্সেলোনা আন্ডারডগ, ‘আমি তো বলব চেলসিই এখন ফেবারিট, কারণ নিজেদের মাঠে ১-০ গোলে জেতা অনেক ভালো ফল।’ অথচ ফিরতি লেগটা নিজেদের মাঠেই। নিজেদের মাঠে গত ৫৪ ম্যাচেই হারেনি বার্সা। শুধু তা-ই নয়, পরশুর পরাজয়টি এই মৌসুমে ৬৩ ম্যাচে বার্সার জন্য মাত্র তৃতীয় হার। তবে গত ম্যাচে রক্ষণে চেলসি অটল-অটুট ছিল, গার্দিওলা এতেই বার্তা পেয়ে গেছেন, ‘নিজেদের মাঠেও আমরা চেষ্টা করব যতটা সম্ভব সুযোগ তৈরি করতে। কিন্তু যে দল এতটা নিচে নেমে এসে রক্ষণাত্মক খেলে, তাদের বিপক্ষে ম্যাচ বের করা একদমই সহজ নয়। তবে আমরা চেষ্টা করব।’চেলসি কোচ অবশ্য গার্দিওলার এই দুটো কথাতেই সায় দিচ্ছেন না। রবার্তো ডি মাত্তেও বলছেন, ‘আমরা জিতেছি বলেই ফেবারিট হয়ে গেছি, এটা ভাবা ঠিক নয়। তবে হ্যাঁ, এখন দুটো দলের সামনেই ফিফটি-ফিফটি সুযোগ।’ রক্ষণাত্মক খেলার ব্যাপারে তাঁর যুক্তি, ‘অনেক বড় বড় দলকে বার্সেলোনা অনায়াসে হারিয়েছে। ওদের বিপক্ষে একটু আক্রমণাত্মক খেললেই সর্বনাশ। আঘাত হানার সব অস্ত্রই ওদের হাতে আছে।’ এএফপি, বিবিসি।